আধুনিক চ্যালেঞ্জ ও ঐক্যের প্রয়োজনীয়তা

আধুনিক চ্যালেঞ্জ ও ঐক্যের প্রয়োজনীয়তা

লেখক: সামিউল ইসলাম, ভারত।

ভূমিকা

সমস্ত প্রশংসা ও গুণাবলি সেই মহান সৃষ্টিকর্তার জন্য, যিনি সমগ্র বিশ্বজগতের সৃষ্টিকর্তা এবং মানবজাতিকে সৃষ্টির শ্রেষ্ঠত্ব দান করেছেন। তিনি মানব সম্প্রদায়কে বিভিন্ন গোত্র ও জাতিতে বিভক্ত করেছেন, যাতে তারা পারস্পরিক পরিচিতি অর্জন করতে পারে এবং তাদের সৃষ্টিকর্তার প্রতি যথাযথ জ্ঞান ও উপলব্ধি লাভ করতে পারে।

শান্তি ও দরুদ বর্ষিত হোক মানবতার সর্বোত্তম নেতা, মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর, যিনি অজ্ঞতার অন্ধকার থেকে মানবজাতিকে জ্ঞানের আলোর পথে পরিচালিত করেছেন। পাশাপাশি, তিনি মুসলিম উম্মাহকে ঐক্যের গুরুত্ব ও তাৎপর্য সম্পর্কে অবহিত করেছেন।

সম্মানিত পাঠকগণ, ইসলামে ঐক্য এমন একটি মৌলিক বিষয়, যা কুরআন ও সুন্নাহর মূল শিক্ষা থেকে উদ্ভূত। মুসলিম উম্মাহ ঐক্যবদ্ধ থাকলে তারা একটি শক্তিশালী এবং অপ্রতিরোধ্য জাতিতে পরিণত হয়। এটি ইসলামের প্রচার ও প্রসারের জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ। কুরআন ও হাদিসের এই নির্দেশনাগুলি আমাদেরকে স্মরণ করিয়ে দেয় যে, ঐক্য কেবল একটি প্রয়োজনীয় গুণ নয়, বরং এটি আল্লাহর নির্দেশনা এবং আমাদের দায়িত্ব।

আল-কুরআনে বিভিন্ন স্থানে ঐক্য রক্ষার গুরুত্ব স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। এর মধ্যে একটি প্রধান উদাহরণ হলো সূরা আল ইমরানের আয়াত (৩:১০৩), যেখানে আল্লাহ বলেন:

و اعْتَصِمُوا بِحَبْلِ اللَّهِ جَمِيعًا وَ لَا تَفَرَّقُو

“তোমরা সবাই আল্লাহর রশি শক্ত করে ধরো এবং বিভক্ত হয়ো না।”

এই আয়াতটি নির্দেশ করে যে, মুসলিমদের একসঙ্গে আল্লাহর রশি, অর্থাৎ কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরতে হবে। এটি মুসলিম উম্মাহর ঐক্যের প্রতীক এবং তাদের বিভক্ত হওয়া থেকে বিরত রাখার নির্দেশ। আল্লাহ এখানে দ্ব্যর্থহীনভাবে নির্দেশ দিয়েছেন যে, বিভাজন থেকে দূরে থাকতে হবে এবং ইসলামের সুমহান শিক্ষা ও নীতিমালা অনুসরণ করতে হবে।

নবী করিম (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) তার শিক্ষা ও কর্মের মাধ্যমে ঐক্যের গুরুত্ব আমাদের সামনে তুলে ধরেছেন। একটি বিখ্যাত হাদিসে তিনি বলেন: “মুসলিমরা এক দেহের মতো; দেহের কোনো এক অঙ্গ কষ্ট পেলে পুরো দেহ ব্যথিত হয়।” (সহীহ বুখারি: কিতাবুল আদব (৬০১১) সহীহ মুসলিম: কিতাবুল বির ওয়াস সিলাহ (২৫৮৬) এই হাদিসটি মুসলিম সমাজের মধ্যে ভ্রাতৃত্ববোধ এবং পারস্পরিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরে। এটি বোঝায় যে, যদি কোনো মুসলিম বা মুসলিম সমাজ কষ্টে থাকে, তবে অন্য মুসলিমদের উচিত তাদের সাহায্যে এগিয়ে আসা। এই ধরনের ঐক্য কেবল একটি আদর্শ নয়, বরং এটি একটি বাধ্যবাধকতা, যা মুসলিম উম্মাহকে স্থিতিশীল ও নিরাপদ রাখতে সহায়তা করে।

মুসলিম উম্মাহর ঐক্য ও বিভক্তির সমস্যা:

বর্তমান সময়ে মুসলিম সমাজ একটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জের সম্মুখীন, যা হলো বিভাজন ও পারস্পরিক বিভক্তি। মুসলমানরা নিজেদের মধ্যে বিভিন্ন মাযহাব, মতবাদ ও দলগত পরিচয়ের ভিত্তিতে বিভক্ত হয়ে পড়েছে। কেউ নিজেকে হানাফী, হাম্বলী, কিংবা আহলে হাদিস হিসেবে পরিচয় দিয়ে থাকেন। এই বিভক্তির ফলে মুসলিম উম্মাহ ঐক্যবদ্ধ থাকার পরিবর্তে নানা মতানৈক্যের শিকার হচ্ছে, যা ইসলামের সামগ্রিক অগ্রগতির পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে।

ইসলামের মৌলিক শিক্ষা হলো একত্ববাদ ও ভ্রাতৃত্ববোধ। প্রত্যেক মুসলমানের প্রধান পরিচয় হওয়া উচিত, সে একজন মুসলিম এবং তার অনুসৃত ধর্ম ইসলাম। কিন্তু দুঃখজনকভাবে, আজ আমরা নিজেদের পরিচয় মাযহাব ও ফিরকার ভিত্তিতে তুলে ধরছি, যা আমাদের ধর্ম ইসলামকে দুর্বল করছে এবং বহির্বিশ্বে আমাদের সম্মানহানি ঘটাচ্ছে। বিশেষত ভারতীয় উপমহাদেশে মুসলমানদের ওপর যে সামাজিক ও রাজনৈতিক চ্যালেঞ্জ তৈরি হয়েছে, তার অন্যতম কারণ হলো এই অভ্যন্তরীণ বিভক্তি।

আমাদের উচিত একত্রিত হয়ে ইসলামের মূল শিক্ষা-কুরআন ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর ভিত্তিতে জীবন পরিচালনা করা। বিভক্তির পরিবর্তে আমাদের দাওয়াতি কাজের মাধ্যমে ইসলামের সঠিক বার্তা মানুষের কাছে পৌঁছে দেওয়া প্রয়োজন।

বিভাজনের পরিবর্তে ঐক্যের ভিত্তিতে মুসলিম উম্মাহকে গড়ে তোলাই আমাদের অগ্রাধিকার হওয়া উচিত।

আমাদের উচিত এই বিভক্তি দূর করে ইসলামের মূল শিক্ষা-কুরআন ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনা করা। দলীয় চিন্তার পরিবর্তে ইসলামের সঠিক বার্তা মানুষকে পৌঁছে দেওয়া এবং সবাইকে ইসলামের একত্ববাদী শিক্ষার দিকে আহ্বান করাই আমাদের করণীয়। যদি আমরা ঐক্যবদ্ধ হই এবং ইসলামের প্রকৃত শিক্ষা অনুসরণ করি, তাহলে মুসলিম উম্মাহ আরও শক্তিশালী হবে এবং ইসলামের সৌন্দর্য বিশ্বব্যাপী ছড়িয়ে পড়বে।

আজকের সমাজে ইসলামী শিক্ষা দেওয়ার ক্ষেত্রেও আমাদের মধ্যে কিছু ভুল দৃষ্টিভঙ্গি কাজ করছে, যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। আমরা যখন আমাদের সন্তানদের ইসলামিক শিক্ষার দিকে ধাবিত করতে চাই, তখনও আমাদের দলীয় চিন্তা থেকে বের হতে পারি না। সচেতন বা অচেতনভাবে আমরা আমাদের সন্তানদের নির্দিষ্ট একটি মাজহাব বা ফিরকার মধ্যে সীমাবদ্ধ রাখতে চাই, যেমন হানাফী, মালিকী, শাফি’ঈ বা আহলে হাদিস। এর ফলে আমাদের নতুন প্রজন্মও এই সংকীর্ণ মানসিকতায় বেড়ে ওঠে এবং অন্য মতাদর্শের প্রতি শ্রদ্ধাশীল হতে পারে না। অনেক ক্ষেত্রে, এই পার্থক্য এত চরমে পৌঁছায় যে তারা একে অপরকে কাফের, বিদ’আতী বা ব্যক্তি পূজারী বলে দোষারোপ করতে শুরু করে।

ইসলাম আমাদের শিক্ষা দেয় যে, একজন মুসলমান অপর মুসলমানের জন্য আয়নার মতো। অর্থাৎ, যদি কেউ ভুল করে, তাহলে তার ভুল শুধরে দেওয়া অপর মুসলমানের দায়িত্ব। তবে এটি করা উচিত যুক্তি, প্রমাণ ও দলিলের মাধ্যমে, কঠোরতা ও বিদ্বেষের মাধ্যমে নয়। কিন্তু দুঃখজনকভাবে, আমরা অপরের ভুল শুধরে দেওয়ার পরিবর্তে তাদের প্রতি কঠোর মনোভাব গ্রহণ করি এবং নিজেদের মনগড়া বিধান আরোপ করি।

একজন প্রকৃত শিক্ষিত মুসলমান সেই ব্যক্তি, যিনি সহনশীলতা বজায় রেখে কুরআন ও সুন্নাহর আলোকে যৌক্তিকভাবে ইসলামের সঠিক বার্তা মানুষের কাছে পৌঁছে দেন। আমাদের উচিত বিভক্তির পরিবর্তে ইসলামের সার্বজনীন দৃষ্টিভঙ্গি তুলে ধরা, যেন মুসলিম উম্মাহ ঐক্যবদ্ধ হয়ে ইসলামের সঠিক আদর্শ অনুসরণ করতে পারে এবং বিশ্বে ইসলামের সৌন্দর্য ও সত্যিকারের বার্তা ছড়িয়ে দিতে সক্ষম হয়।

ইসলামে ঐক্যের গুরুত্ব এতটাই বড় যে, এর অভাব সমাজে অস্থিরতা, বিভাজন এবং দুর্বলতার কারণ হয়ে দাঁড়ায়। মুসলিমদের মধ্যে বিভক্তি তাদের শত্রুদের শক্তিশালী করে এবং মুসলিম উম্মাহকে দুর্বল করে তোলে। কুরআন এবং হাদিস উভয়ই বারবার এ বিষয়ে সতর্ক করেছে এবং ঐক্যের গুরুত্বকে প্রাধান্য দিয়েছে।

 

ইতিহাস থেকে শিক্ষা:

ইতিহাস থেকে মুসলিম উম্মাহর ঐক্যের গুরুত্ব খুব স্পষ্টভাবে প্রতিফলিত হয়, এবং ইসলামের প্রাথমিক যুগে এর অনেক উদাহরণ রয়েছে, যা আজও আমাদের জন্য শিক্ষা হিসেবে গুরুত্বপূর্ণ। রাসূলুল্লাহ (সা.) এবং তাঁর সাহাবিরা যেভাবে একতা এবং ভ্রাতৃত্বের ভিত্তিতে সমাজ তৈরি করেছিলেন, তা আজও মুসলিমদের জন্য একটি পথপ্রদর্শক।

মদিনার মুসলিম সমাজ: রাসূলুল্লাহ (সা.) যখন মদিনায় হিজরত করেন, তখন মদিনার সমাজ ছিল ভিন্ন ধর্মের লোকের মধ্যে বিভক্ত। সেখানে মুহাজির এবং আনসারদের মধ্যে পারস্পরিক অশান্তি এবং দ্বন্দ্ব ছিল। কিন্তু রাসূলুল্লাহ (সা.) তাদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন প্রতিষ্ঠা করেন। তিনি মুহাজিরদের এবং আনসারদের মধ্যে এমন এক সম্পর্ক তৈরি করেন, যা ছিল একে অপরকে সাহায্য এবং সহযোগিতার ভিত্তিতে। এই ভ্রাতৃত্বের মাধ্যমে মদিনার মুসলিম সমাজ ঐক্যবদ্ধ হয় এবং একটি শক্তিশালী জাতি হিসেবে গড়ে ওঠে। এটি মুসলিম উম্মাহর

ঐক্যের একটি উজ্জ্বল উদাহরণ, যেখানে সবাই একে অপরকে সহায়তা করেছিল এবং সমাজে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা করেছিল।

বদরের যুদ্ধ: বদরের যুদ্ধ ছিল মুসলিমদের জন্য ঐক্যবদ্ধ প্রচেষ্টার একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত। মুসলিমরা সংখ্যা থেকে কম হলেও, তাদের মধ্যে শক্তিশালী ঐক্য এবং বিশ্বাস ছিল। রাসূলুল্লাহ (সা.) এবং সাহাবিরা একযোগভাবে নিজেদের চেষ্টা, বিশ্বাস এবং আল্লাহর প্রতি তাওয়াক্কুল (আস্থা) প্রদর্শন করেছিলেন। এই ঐক্য এবং একে অপরের প্রতি সহানুভূতি তাদের বিজয়ে সাহায্য করে। বদরের যুদ্ধ প্রমাণ করেছে যে, ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে মুসলিমরা যে কোনো প্রতিকূলতার বিরুদ্ধে জয়ী হতে পারে।

ইসলামের স্বর্ণযুগে ঐক্যের ভূমিকা: ইসলামের স্বর্ণযুগে, বিশেষত প্রথম কিছু শতকে, মুসলিমরা বিশ্বের সবচেয়ে অগ্রসর জাতি হিসেবে পরিচিত ছিল। তখন মুসলিমদের মধ্যে ঐক্য ছিল প্রবল, যা তাদের শক্তি, প্রতিভা এবং সংস্কৃতির বিস্তার ঘটাতে সহায়ক ছিল। এই সময়ে মুসলিমরা বিজ্ঞান, দর্শন, চিকিৎসা, সাহিত্য, এবং অন্যান্য নানা ক্ষেত্রে অগ্রগতি অর্জন করেছিল। একতার কারণে তারা এই অগ্রগতি এবং উন্নতির পথ পরিষ্কার করতে সক্ষম হয়েছিল।

ইতিহাসে যখন মুসলিমরা ঐক্যহীন ছিল, তখন তাদের মধ্যে নানা ধরনের বিভক্তি দেখা দিয়েছে, যা তাদের শত্রুদের সামনে দুর্বল করে দিয়েছে। উদাহরণস্বরূপ, উমাইয়া ও আব্বাসি খিলাফতের মধ্যে সম্পর্কের অবনতি, বিভিন্ন মুসলিম রাজ্যগুলির মধ্যে প্রতিদ্বন্দ্বিতা এবং যুদ্ধ, এসব মুসলিম উম্মাহর জন্য ক্ষতিকর ছিল। এসব বিভক্তির কারণে মুসলিমরা একে অপরকে সাহায্য করতে পারেনি এবং তাদের শক্তি আলাদা হয়ে যায়, যা তাদের পতন এবং শত্রুদের আক্রমণের জন্য উন্মুক্ত করে দেয়।

এইসব ঐতিহাসিক উদাহরণ এবং শিক্ষাগুলি আজকের মুসলিমদের জন্য অত্যন্ত মূল্যবান, কারণ তারা দেখতে পায় যে একতা না থাকলে মুসলিম উম্মাহ দুর্বল হয়ে পড়ে এবং নিজেদের

লক্ষ্য অর্জনে অক্ষম হয়ে পড়ে। বরং ঐক্য প্রতিষ্ঠা করলে তারা কোনো পরিস্থিতিতে বিজয়ী হতে পারে এবং নিজেদের সম্মান এবং অগ্রগতি নিশ্চিত করতে সক্ষম হবে।

বর্তমান ভারতে পরিস্থিতি এবং মুসলিম উম্মাহ:

ভারতে মুসলিম সম্প্রদায়ের প্রতি অত্যাচার এবং বৈষম্যের প্রবণতা নতুন কিছু নয়। স্বাধীনতার পর থেকে ভারত সংবিধানিকভাবে একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হলেও বাস্তবতা অনেক সময় ভিন্ন। ধর্মীয় সংখ্যালঘু হিসেবে মুসলিমদের বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে এবং এই চ্যালেঞ্জগুলো বর্তমানে আরও তীব্র হয়ে উঠছে। বিশেষ করে সাম্প্রতিক সময়ে মুসলিমদের বিরুদ্ধে সহিংসতা, ধর্মীয় স্থান ও ঐতিহ্যের প্রতি আঘাত, এবং সামাজিক ও অর্থনৈতিক বৈষম্য বেশ দৃশ্যমান হয়েছে। এসব ঘটনা মুসলিমদের সামাজিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিক অবস্থানে গভীর প্রভাব ফেলছে এবং তাদের মানবাধিকার ক্ষুন্ন করছে।

ভারতে মুসলিমদের বিরুদ্ধে সহিংসতার একটি অন্যতম উদাহরণ হলো লিঞ্চিং, যা সাধারণত গো-মাংস খাওয়ার অভিযোগে বা গো-হত্যার মিথ্যা অভিযোগে সংগঠিত হয়। একটি মুসলিম ব্যক্তির বিরুদ্ধে এমন অভিযোগ এনে তাকে হত্যার চেষ্টা করা হয়, এবং অনেক ক্ষেত্রেই এই সহিংসতা প্রকাশ্যে ঘটে। এসব ঘটনা একে অপরের পর এক ঘটতে থাকে এবং এতে মুসলিমদের নিরাপত্তা ও জীবনের প্রতি হুমকি সৃষ্টি হয়। গণমাধ্যমে এ ধরনের ঘটনার ব্যাপক প্রচার এবং সামাজিক মাধ্যমে এর ব্যাপক আলোচনা মুসলিমদের মাঝে এক ধরণের আতঙ্ক সৃষ্টি করে। এই সহিংসতা শুধু ব্যক্তিগত নিরাপত্তাকেই হুমকির মুখে ফেলছে না, বরং পুরো মুসলিম সম্প্রদায়কে এক বড় ঝুঁকির মধ্যে ঠেলে দিচ্ছে। সবচেয়ে উদ্বেগজনক হলো যে, অধিকাংশ ক্ষেত্রে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নির্যাতিতদের সুরক্ষা দেওয়ার বদলে নির্যাতনকারীদের প্রতি নমনীয় থাকে এবং নির্যাতিতদের অধিকারের সুরক্ষা মেনে চলে না।

মসজিদ ও বর্তমান সময়ে ওয়াকফ, ইসলামী ঐতিহ্যের ওপর আঘাত:

ভারতের সাম্ভালা মসজিদ মুসলিম সম্প্রদায়ের জন্য একটি চ্যালেঞ্জের প্রতীক হয়ে উঠেছে। ঐতিহাসিকভাবে এটি শুধু একটি উপাসনালয় নয়, বরং মুসলিম সংস্কৃতি ও ঐতিহ্যের গভীর প্রভাব বহন করে। তবে সাম্প্রতিক সময়ে মসজিদটির ইতিহাস ও অবস্থান নিয়ে বিতর্ক তৈরি হয়েছে, যা মুসলিমদের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এই বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে ঐতিহাসিক দাবি এবং খননের উদ্যোগ। কিছু উগ্রবাদী গোষ্ঠী দাবি করছে যে, মসজিদটি একটি প্রাচীন মন্দিরের ওপর নির্মিত হয়েছে। তাদের দাবি সমর্থন করার জন্য প্রত্নতাত্ত্বিক খনন পরিচালনা করার চেষ্টা করা হয়েছে। এই প্রচেষ্টা মুসলিম সম্প্রদায়ের অনুভূতিতে আঘাত হানে এবং তাদের ধর্মীয় অধিকার নিয়ে প্রশ্ন তোলে। তদুপরি, এই ধরনের ঘটনা ধর্মীয় স্বাধীনতার সীমাবদ্ধতা তুলে ধরে এবং সংবিধানগত ধর্মনিরপেক্ষতাকে চ্যালেঞ্জ করে। মসজিদের মালিকানা নিয়ে আইনি লড়াইও চলমান, যা মুসলিমদের মধ্যে উদ্বেগ তৈরি করেছে। এই ধরনের আইনি বিতর্ক শুধু ধর্মীয় সম্প্রীতিতে আঘাত হানে না, বরং এটি মুসলিমদের মধ্যে বিভাজন সৃষ্টি করতে পারে। তবে এই পরিস্থিতিতে মুসলিমদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ঐক্যবদ্ধ থাকা এবং আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাদের দাবি উপস্থাপন করা। গণমাধ্যম এবং মানবাধিকার সংগঠনগুলোর সহায়তায় বিষয়টি আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরা যেতে পারে। পাশাপাশি, মসজিদটির প্রকৃত ইতিহাস তুলে ধরে জনসচেতনতা বাড়ানোও প্রয়োজন। সাম্ভালা মসজিদের বিতর্ক ভারতের ধর্মনিরপেক্ষ চরিত্র এবং ধর্মীয় স্বাধীনতার প্রতি এক বড় পরীক্ষা। মুসলিমদের ঐক্য ও সচেতন প্রচেষ্টার মাধ্যমে এই চ্যালেঞ্জ মোকাবিলা করা সম্ভব। ভারতে মুসলিমদের ধর্মীয় স্থান এবং ঐতিহ্য বরাবরই লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। এসব আঘাত শুধু ইতিহাসের অংশ নয়, বরং আধুনিক সময়েও এই প্রবণতা অব্যাহত রয়েছে। বিশেষত মসজিদ ও ইসলামিক স্থাপনা, যেমন মসজিদ, কবরস্থান, ইসলামিক শিক্ষাপ্রতিষ্ঠান এবং ওয়াকফ সম্পত্তি, হামলার শিকার হচ্ছে এবং এগুলোর প্রতি অবজ্ঞা ও আক্রমণ বরাবরই মুসলিমদের ধর্মীয় ও সাংস্কৃতিক পরিচয়ের ওপর চাপ সৃষ্টি করছে। এর ফলে মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতি এবং ঐতিহ্যগত মূল্যবোধ চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে।

একটি বিশাল উদাহরণ হলো বাবরি মসজিদ ধ্বংসের ঘটনা ১৯৯২ সালে ভারতীয় হিন্দু উগ্রবাদীরা বাবরি মসজিদ ধ্বংস করে এবং তা মুসলিম সম্প্রদায়ের জন্য একটি গভীর আঘাত হিসেবে পরিগণিত হয়। বাবরি মসজিদ ছিল ভারতের ঐতিহাসিক ও ধর্মীয় ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ স্থান, এবং এর ধ্বংসের পর ভারতজুড়ে সাম্প্রদায়িক দাঙ্গা ছড়িয়ে পড়ে। সুপ্রিম কোর্টের নির্দেশে পরবর্তীতে সেই বিতর্কিত জমিতে রাম মন্দির নির্মাণের অনুমতি দেওয়া হলেও, মুসলিম সম্প্রদায়ের জন্য এটি শুধু একটি ঐতিহাসিক আঘাত নয়, বরং মানসিক ও সামাজিক ক্ষতিরও কারণ হয়ে দাঁড়িয়েছে।

বর্তমানে ভারতে ওয়াকফ সম্পত্তি এবং ইসলামিক স্থাপনাগুলোর প্রতি আক্রমণ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে, যা মুসলিম সমাজের ঐতিহ্য, সংস্কৃতি এবং সার্বিক উন্নয়নের ওপর বড় ধরনের প্রভাব ফেলছে। ওয়াকফ সম্পত্তি, যা মূলত মুসলিম সমাজের ধর্মীয় এবং সামাজিক কল্যাণের জন্য নির্ধারিত, বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। এই সম্পত্তিগুলোর ওপর অবৈধ দখল, কম মূল্যে বিক্রি, এবং সরকারি হস্তক্ষেপ মুসলিম সম্প্রদায়ের মধ্যে হতাশা ও ক্ষোভ তৈরি করেছে। ওয়াকফ সম্পত্তির একটি বড় সমস্যা হলো অবৈধ দখল। অনেক সময় প্রভাবশালী ব্যক্তি ও প্রতিষ্ঠান ওয়াকফ জমি দখল করে নিজেদের কাজে ব্যবহার করছে। অন্যদিকে, অনেক ক্ষেত্রেই ওয়াকফ বোর্ডের তদারকির অভাবে এসব সম্পত্তি রক্ষণাবেক্ষণের অভাবে নষ্ট হয়ে যাচ্ছে। কিছু সম্পত্তি কম মূল্যে বিক্রি করে দেওয়ার অভিযোগও রয়েছে, যা মুসলিম সমাজের আর্থিক ক্ষতি ডেকে এনেছে। এছাড়া, ওয়াকফ সম্পত্তি নিয়ে দীর্ঘ বিচারপ্রক্রিয়া এবং আইনি জটিলতাও সমস্যা সৃষ্টি করছে। আদালতে হাজারো মামলা বছরের পর বছর ধরে ঝুলে আছে। এর ফলে এসব সম্পত্তি কার্যকরভাবে ব্যবহৃত হতে পারছে না। পাশাপাশি, সরকার ওয়াকফ বোর্ডের কার্যক্রমে নিয়ন্ত্রণ আরোপ করছে, যা ওয়াকফ সম্পত্তির স্বাধীন ব্যবস্থাপনা ও উন্নয়নে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। সমাজের অনেক অংশ ওয়াকফ সম্পত্তির গুরুত্ব সম্পর্কে সচেতন নয়। তারা রক্ষণাবেক্ষণের প্রতি তেমন মনোযোগ দেয় না, ফলে দখলদারি সহজ হয়ে যায়। এই সমস্ত সমস্যা মুসলিম সমাজের আর্থ-সামাজিক অবস্থাকে আরও দুর্বল করে তুলেছে। দরিদ্র মুসলিমদের সহায়তার জন্য এই সম্পত্তি ব্যবহার হওয়ার কথা থাকলেও, তা সঠিকভাবে পরিচালিত না হওয়ার কারণে তাদের কল্যাণ ব্যাহত হচ্ছে। ওয়াকফ সম্পত্তি

রক্ষা এবং সঠিক ব্যবস্থাপনার জন্য সমাজের সচেতনতা বাড়ানো জরুরি। এর পাশাপাশি, ডিজিটাল রেকর্ড তৈরি করে সম্পত্তির সঠিক তদারকি করা প্রয়োজন। আদালতে ঝুলে থাকা মামলাগুলো দ্রুত নিষ্পত্তির জন্য উদ্যোগ নিতে হবে। সরকার ও ওয়াকফ বোর্ডের কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করা এবং মুসলিম সমাজকে ঐক্যবদ্ধ হয়ে এই বিষয়ে কার্যকর পদক্ষেপ নিতে হবে। ওয়াকফ সম্পত্তি মুসলিম সমাজের ধর্মীয়, সামাজিক এবং আর্থিক উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর সঠিক ব্যবহার নিশ্চিত করতে পারলে এটি মুসলিম সম্প্রদায়ের উন্নয়নে একটি বড় ভূমিকা রাখতে পারে।

এছাড়াও, ভিন্ন ধর্মের প্রতি অসম্মান এবং বিদ্বেষমূলক মনোভাব এই পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় স্থাপনাগুলোর প্রতি আক্রমণ, যেমন মসজিদ, ওয়াকফ সম্পত্তি, এবং ঐতিহাসিক স্থাপনাগুলোকে কেন্দ্র করে বিভাজন এবং উত্তেজনা সৃষ্টি করা হয়েছে। এই ধরনের কর্মকাণ্ড শুধুমাত্র মুসলিমদের ধর্মীয় স্বাধীনতাকে সংকুচিত করছে না, বরং দেশের ধর্মনিরপেক্ষ চরিত্রকেও প্রশ্নবিদ্ধ করছে। আইন প্রয়োগের ক্ষেত্রে দুর্বলতা এবং অনেক ক্ষেত্রে পক্ষপাতমূলক আচরণ পরিস্থিতিকে আরও খারাপ করে তুলছে। প্রায়শই দেখা যায়, এই ধরনের আক্রমণের শিকার হওয়া সত্ত্বেও মুসলিম সম্প্রদায় যথাযথ ন্যায়বিচার পায় না। কিছু ক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিষ্ক্রিয়তা বা আক্রমণকারীদের প্রতি সহানুভূতিশীল আচরণ পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। এর ফলে মুসলিমরা তাদের সাংস্কৃতিক ও ধর্মীয় পরিচয় রক্ষায় নিজেদের মধ্যে একটি উদ্বেগপূর্ণ পরিবেশে বসবাস করতে বাধ্য হচ্ছে। মুসলিম সম্প্রদায় বর্তমানে তাদের ঐতিহ্যিক সম্পত্তি এবং ধর্মীয় স্বাধীনতা রক্ষার জন্য আইনি লড়াইয়ে জড়িত। আদালতের মাধ্যমে ন্যায়বিচার চাওয়া এবং নিজেদের সাংস্কৃতিক অস্তিত্ব রক্ষার জন্য তারা বিভিন্নভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে। পাশাপাশি, মুসলিম সমাজ নিজেদের ঐক্য এবং সংহতি বজায় রেখে এই ধরনের আক্রমণ এবং বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ করছে। এই সকল ঘটনা বর্তমান সময়ে মুসলিমদের জন্য একটি নতুন ধরনের চ্যালেঞ্জ সৃষ্টি করছে। তাদের ঐতিহ্য এবং ধর্মীয় স্থানগুলোর প্রতি আক্রমণ, ভারতের ধর্মনিরপেক্ষতা এবং ঐতিহাসিক বৈচিত্র্যের প্রতি এক ধরনের অসম্মান। তাই, মুসলিমদের

জন্য এই পরিস্থিতি শুধু ধর্মীয় আঘাত নয়, বরং সাংস্কৃতিক এবং সামাজিক ঐক্য রক্ষার প্রয়াসে একটি বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে।

ঐক্যের অভাবের প্রভাব:

ঐক্যের অভাবের ফলে মুসলিম উম্মাহ অনেক সমস্যা ও দুর্বলতার মুখোমুখি হচ্ছে। ইসলামে মুসলিমদের মধ্যে ঐক্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ একতা না থাকলে অনেক ক্ষতি হতে পারে। প্রথমত, মুসলিমদের মধ্যে ঐক্য না থাকার কারণে তারা একে অপরকে সাহায্য করতে পারে না, যার ফলে তারা দুর্বল হয়ে পড়ে। ইসলামের দৃষ্টিতে, একতা না থাকলে সমাজের মধ্যে অশান্তি এবং বিশৃঙ্খলা সৃষ্টি হয়, এবং এই পরিস্থিতিতে মুসলিমরা সম্মানিত হতে পারে না। এছাড়া, মুসলিম বিশ্বের মধ্যে ঐক্যের অভাবে অনেক মুসলিম দেশ যেমন ভারত, ফিলিস্তিন, সিরিয়া এবং ইয়েমেন দীর্ঘদিন ধরে সংকটে ভুগছে। ভারতেই মুসলিমদের বিরুদ্ধে বৈষম্য এবং অত্যাচার বেড়েছে, যেহেতু মুসলিমরা নিজেদের মধ্যে ঐক্য তৈরি করতে পারেনি। ফিলিস্তিনে দীর্ঘদিন ধরে স্বাধীনতার জন্য সংগ্রাম চললেও মুসলিম দেশগুলোর মধ্যে ঐক্য না থাকায় তারা কোনো বড় সমাধান পাচ্ছে না। সিরিয়া এবং ইয়েমেনের যুদ্ধও মুসলিমদের মধ্যে ঐক্যহীনতার কারণে চরম আকার ধারণ করেছে। এই ধরনের সংকট মুসলিমদের জন্য অনেক বড় সমস্যা সৃষ্টি করেছে এবং মানবিক দুর্দশা বাড়িয়ে দিয়েছে। এই সব ঘটনা আমাদের দেখায় যে, মুসলিম উম্মাহর ঐক্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ একতা থাকলে একে অপরের সাহায্যে সমস্যা সমাধান করা সম্ভব।

ভারতে মুসলিম সমাজে ঐক্যের অভাব সামাজিক এবং অর্থনৈতিক অস্থিরতার কারণ হয়ে দাঁড়িয়েছে। মুসলিমরা যদি একত্রিত না হন, তবে তারা একে অপরের প্রতি সহানুভূতি বা সমর্থন প্রদান করতে পারবে না। এর ফলে তারা সমাজের বিভিন্ন ক্ষেত্র যেমন শিক্ষা, স্বাস্থ্য, চাকরি, এবং সামাজিক নিরাপত্তায় পিছিয়ে পরে। রাজনৈতিক ক্ষেত্রেও মুসলিমরা বিভক্ত হয়ে পড়লে, তাদের প্রভাব এবং ক্ষমতা সীমিত হয়ে যায়, ফলে তাদের অধিকার রক্ষা ও উন্নয়ন সহজ হয় না। ইসলামে ধর্মীয় সহিষ্ণুতা এবং শান্তির কথা বলা হলেও, কিছু অংশে ইসলামোফোবিয়া বা মুসলিমদের বিরুদ্ধে বিদ্বেষ সৃষ্টি হয়েছে। ভারতে মুসলিমদের বিরুদ্ধে

বর্ণবাদ এবং ইসলামোফোবিয়ার বৃদ্ধি পাওয়া বিশেষভাবে লক্ষ্যযোগ্য। মুসলিমদের প্রতি বিরূপ মনোভাব অনেক ক্ষেত্রেই তাদের সমাজে বৈষম্য সৃষ্টি করে, যা তাদের সামাজিক এবং রাজনৈতিক উন্নতির পথে বাধা সৃষ্টি করে। ইসলামোফোবিয়া শুধু ভারতেই সীমাবদ্ধ নয়, বরং এটি বিশ্বের বিভিন্ন স্থানে মুসলিমদের বিরুদ্ধে বৈরিতা সৃষ্টি করছে, যেহেতু মুসলিমরা একত্রিত না হলে এই ধরনের নেতিবাচক চিত্র সহজেই প্রকাশিত হয়।

মুসলিম সমাজে অভ্যন্তরীণ বিভক্তি সাংস্কৃতিক ও রাজনৈতিক ক্ষেত্রে বিভিন্ন সমস্যা সৃষ্টি করছে। মুসলিমদের মধ্যে মতপার্থক্য, গোষ্ঠী ভিত্তিক আলাদা আলাদা চিন্তা, এবং দলীয় সংঘর্ষের কারণে একতাবদ্ধ হয়ে কাজ করা কঠিন হয়ে পড়ছে। এর ফলে, তারা নিজেদেরকে শক্তিশালীভাবে তুলে ধরতে পারে না এবং সমাজে নিজেদের যথাযথ ভূমিকা পালন করতে অক্ষম হয়ে পড়ে। রাজনৈতিক বিভক্তির কারণে, মুসলিমরা নিজেদের জন্য পর্যাপ্ত প্রতিনিধিত্ব পায় না এবং তাদের প্রয়োজনীয় অধিকার ও সুযোগ থেকে বঞ্চিত হয়। এই সকল সমস্যা সমাধানের জন্য মুসলিম সমাজকে ঐক্যবদ্ধ হতে হবে, যাতে তারা নিজেদের শক্তি একত্রিত করে এই ধরনের সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক বিভেদের বিরুদ্ধে সংগ্রাম করতে পারে।

ঐক্যের উপকারিতা ও প্রভাব:

ঐক্যের অভাবের কারণে মুসলিম উম্মাহ অনেক সমস্যার সম্মুখীন হচ্ছে, যা তাদের সামাজিক, রাজনৈতিক, এবং সাংস্কৃতিক অবস্থানকে দুর্বল করে ফেলছে। ইসলামে মুসলিমদের মধ্যে ঐক্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ একতা না থাকলে সমাজে বিশৃঙ্খলা এবং অশান্তি সৃষ্টি হতে পারে। একে অপরকে সাহায্য না করতে পারলে মুসলিমরা দুর্বল হয়ে পড়ে এবং সম্মানিত হতে পারে না। এই অবস্থা মুসলিম বিশ্বের মধ্যে নানা সংকট সৃষ্টি করেছে, যেমন ভারত, ফিলিস্তিন, সিরিয়া, ইয়েমেন এবং অন্যান্য মুসলিম দেশগুলোতে। ভারতে মুসলিমদের বিরুদ্ধে বৈষম্য বেড়েছে, ফিলিস্তিনে স্বাধীনতার জন্য সংগ্রাম চললেও ঐক্য না থাকায় কোনও বড়

সমাধান পাওয়া যাচ্ছে না, এবং সিরিয়া ও ইয়েমেনের যুদ্ধও মুসলিমদের মধ্যে ঐক্যহীনতার কারণে আরও প্রকট হয়ে উঠেছে। এছাড়া, মুসলিম দেশগুলোর মধ্যে অভ্যন্তরীণ সংঘাত ও যুদ্ধও এই অবস্থাকে আরও খারাপ করে তুলেছে, যেমন সুদান, লিবিয়া, আফগানিস্তান, ইরাক এবং সোমালিয়াতে।

তবে, যদি মুসলিম উম্মাহ ঐক্যবদ্ধ হয়, তবে এটি শুধু তাদের নিজেদের জন্য নয়, বরং পুরো জাতির জন্যও উপকারী হতে পারে। মুসলিমদের ঐক্য পৃথিবীজুড়ে তাদের সম্মান পুনরুদ্ধার করতে সহায়ক হবে, কারণ একতা থাকলে তাদের মতামতকে গুরুত্ব দেয়া হবে এবং আন্তর্জাতিক স্তরে তাদের সম্মান বৃদ্ধি পাবে। ঐক্য মুসলিমদের অর্থনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক অগ্রগতি নিশ্চিত করতে পারে। একে অপরকে সহযোগিতা করে মুসলিমরা নিজেদের মধ্যে সম্পদ, তথ্য এবং প্রযুক্তি ভাগাভাগি করতে পারে, যা তাদের উন্নতির দিকে একটি বড় পদক্ষেপ হবে। এছাড়া, মুসলিমদের মধ্যে ভ্রাতৃত্ববোধের শক্তিশালী প্রতিষ্ঠা হবে, যা তাদেরকে একে অপরকে সাহায্য করতে এবং শক্তিশালী করতে উৎসাহিত করবে। অতএব, মুসলিম উম্মাহর মধ্যে ঐক্য প্রতিষ্ঠা করা কেবল একটি ধর্মীয় কর্তব্য নয়, বরং এটি সমাজের উন্নতি এবং একটি সুস্থ, শক্তিশালী মুসলিম সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 ঐক্য প্রতিষ্ঠার উপায়:

ঐক্য প্রতিষ্ঠা মুসলিম উম্মাহর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটি ইসলামী সমাজের ভিত্তি হিসেবে কাজ করে। ইসলামের দৃষ্টিতে মুসলিমদের মধ্যে ঐক্য ও ভ্রাতৃত্ব অপরিহার্য, কারণ একতা তাদের শক্তি, সম্মান এবং অগ্রগতি নিশ্চিত করে। এই ঐক্য প্রতিষ্ঠার জন্য কিছু গুরুত্বপূর্ণ উপায় রয়েছে যা মুসলিমদের মধ্যে সহানুভূতি, সহযোগিতা এবং শান্তি বৃদ্ধিতে সহায়ক হতে পারে।

প্রথম উপায় হল ইসলামী মূল্যবোধের চর্চা ও অনুসরণ। ইসলাম মুসলিমদের মধ্যে ভ্রাতৃত্ব, সহানুভূতি এবং একে অপরকে সাহায্য করার শিক্ষা দেয়। মুসলিমরা যদি তাদের দৈনন্দিন জীবনে এই মূল্যবোধগুলোকে অনুসরণ করতে পারে, তবে তারা নিজেদের মধ্যে ঐক্য প্রতিষ্ঠা করতে পারবে। উদাহরণস্বরূপ, কুরআন এবং হাদিসে বারবার মুসলিমদের

একে অপরের সহায়তায় এগিয়ে আসতে বলা হয়েছে। “মুসলিমরা এক শরীরের মতো; এক অঙ্গ কষ্ট পেলে দেহের অন্য অঙ্গ কষ্ট অনুভব করে” (সহীহ মুসলিম)। যদি মুসলিমরা এই শিক্ষার ভিত্তিতে কাজ করতে পারে, তবে তারা একে অপরকে সহায়তা করতে উৎসাহিত হবে এবং তাদের মধ্যে ঐক্য আরও শক্তিশালী হবে। ইসলামী মূল্যবোধের চর্চা ও অনুসরণ কেবল ধর্মীয় দায়িত্ব নয়, এটি মুসলিম সমাজের সুস্থতা এবং শক্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

দ্বিতীয় উপায় হল ধর্মীয় সহনশীলতা এবং মতপার্থক্য মেনে নেওয়া। ইসলামে আলাদা আলাদা ধর্মীয় সম্প্রদায়, রীতি এবং চিন্তা-ধারণার প্রতি সহনশীলতা প্রদর্শন করা খুবই গুরুত্বপূর্ণ। মুসলিমদের মধ্যে অনেক সময় শিয়া, সুন্নি এবং অন্যান্য ধর্মীয় দলের মধ্যে মতপার্থক্য থাকে, কিন্তু ইসলামে এটি কখনোই বৈরিতা বা বিভেদ সৃষ্টি করার কারণ হওয়া উচিত নয়। পবিত্র কুরআনে আল্লাহ বলেছেন: “তোমরা একে অপরকে সম্মান করো এবং শান্তিপূর্ণভাবে মেলামেশা করো” (সূরা আল-হুজুরাত: 13)। একে অপরের মতামত এবং বিশ্বাসকে শ্রদ্ধা জানালে মুসলিম সমাজে ভ্রাতৃত্ববোধ দৃঢ় হবে এবং ঐক্য প্রতিষ্ঠা আরও সহজ হবে। মুসলিমরা যদি নিজেদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, সহানশীলতা এবং সহমর্মিতা প্রদর্শন করে, তবে তারা সহজেই ঐক্যবদ্ধ হতে পারবে। এর পাশাপাশি ঐক্য বজায় রাখতে হলে কালেমা পাঠকারী কাউকে কাফের বলা উচিত নয়। অন্যকে অবিশ্বাসী বা ইসলাম থেকে বের হয়ে গেছে বলে ঘোষণা করা মুসলিমদের মধ্যে বিভক্তি বাড়ায়। ইসলামে কাউকে কাফের বলার বিষয়ে খুব সতর্ক থাকতে বলা হয়েছে। একবার এক ব্যক্তি যুদ্ধের সময় কালেমা পাঠ করলে সাহাবি উসামা বিন জায়েদ (রা.) মনে করেছিলেন যে সে জীবন বাঁচানোর জন্য বলছে, তাই তাকে হত্যা করেন। কিন্তু রাসুলুল্লাহ (সা.) এতে অসন্তুষ্ট হয়ে বলেন, তুমি কি তার অন্তর চিড়ে দেখেছিলে?” (সহিহ বুখারি, হাদিস: ৪২৬৯) । তাই পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও সহমর্মিতা বজায় রাখলেই মুসলিমরা ঐক্যবদ্ধ থাকতে পারবে।

তৃতীয় উপায় হল মুসলিম দেশগুলোর মধ্যে কূটনৈতিক সম্পর্ক জোরদার করা। মুসলিম দেশগুলো যদি নিজেদের মধ্যে সহযোগিতা এবং সম্পর্ককে শক্তিশালী করতে পারে, তাহলে আন্তর্জাতিক পরিসরে মুসলিম উম্মাহ আরো সম্মানিত হবে এবং তাদের সম্মিলিত শক্তি বৃদ্ধি পাবে। মুসলিম দেশগুলোর মধ্যে কূটনৈতিক সম্পর্কের মাধ্যমে শুধু রাজনৈতিক নয়, অর্থনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক সম্পর্কও উন্নত হবে। এর মাধ্যমে

একে অপরকে সহযোগিতা এবং সমর্থন প্রদান সম্ভব হবে। বর্তমান বিশ্বে মুসলিম দেশগুলোর মধ্যে কূটনৈতিক সম্পর্কের অভাব থাকায় তাদের সম্মান কমে যাচ্ছে, কিন্তু এই সম্পর্ককে শক্তিশালী করা মুসলিম উম্মাহকে বিশ্বমঞ্চে একত্রিত এবং সম্মানিত করতে পারে।

এই তিনটি উপায় অনুসরণ করে মুসলিম উম্মাহ তাদের মধ্যে ঐক্য প্রতিষ্ঠা করতে পারবে এবং এটি তাদের মধ্যে শক্তিশালী সহযোগিতা ও ভ্রাতৃত্ববোধ তৈরি করবে। এর মাধ্যমে মুসলিম সমাজে সামাজিক শান্তি, উন্নতি এবং অগ্রগতি নিশ্চিত করা সম্ভব হবে। ইসলামে ঐক্য প্রতিষ্ঠা শুধু ধর্মীয় কর্তব্য নয়, বরং এটি মুসলিম উম্মাহর উন্নতি ও সমৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

সারাংশ:

বর্তমান মুসলিম সমাজে বিভক্তির কারণে উম্মাহ ঐক্যবদ্ধ হতে পারছে না, যেখানে মুসলমানরা মাযহাব ও দলীয় চিন্তার ভিত্তিতে আলাদা হয়ে গেছে। কুরআন ও হাদিসে একত্ববাদ ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা রয়েছে, কিন্তু আমরা নিজেদের পরিচয় মাযহাবের ভিত্তিতে তুলে ধরছি। এই বিভক্তি মুসলিমদের সম্মান ক্ষুণ্ণ করছে এবং ইসলামের অগ্রগতিতে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। আমাদের উচিত ইসলামের মূল শিক্ষা অনুসরণ করে ঐক্যবদ্ধ হওয়া এবং সবার কাছে ইসলামের সঠিক বার্তা পৌঁছে দেওয়া।

ইতিহাস থেকে স্পষ্ট বোঝা যায় যে মুসলিম উম্মাহর ঐক্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাসূলুল্লাহ (সা.) মদিনায় ভ্রাতৃত্ব প্রতিষ্ঠার মাধ্যমে একটি শক্তিশালী সমাজ গড়ে তুলেছিলেন, যা বদরের যুদ্ধে মুসলিমদের বিজয়ে সহায়ক হয়েছিল। ইসলামের স্বর্ণযুগেও ঐক্যের ফলে মুসলিমরা বিজ্ঞানে ও সংস্কৃতিতে উন্নতি করেছিল। তবে যখন মুসলিমরা বিভক্ত হয়েছে, তখন তারা দুর্বল হয়ে পড়েছে, যেমন উমাইয়া ও আব্বাসিদের মধ্যে দ্বন্দ্বের ফলে মুসলিম শক্তি ক্ষয়প্রাপ্ত হয়েছে। ভারতে মুসলিমরা বর্তমানে বৈষম্য, সহিংসতা এবং ধর্মীয় স্থানগুলোর প্রতি আক্রমণের শিকার হচ্ছে। লিঞ্চিং, মসজিদ বিতর্ক, ওয়াকফ সম্পত্তির অবৈধ দখল, এবং আইনি লড়াই মুসলিম

সম্প্রদায়ের জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করেছে। বাবরি মসজিদের ধ্বংসের মতো ঘটনা মুসলিম ঐতিহ্যের ওপর আঘাত হেনেছে, যা তাদের সামাজিক ও রাজনৈতিক অবস্থান দুর্বল করেছে। ঐক্যের অভাবে মুসলিম উম্মাহ বিভক্ত হয়ে পড়েছে, যার ফলে তারা শিক্ষা, স্বাস্থ্য, চাকরি, ও রাজনৈতিক ক্ষমতায় পিছিয়ে আছে। ফিলিস্তিন, সিরিয়া, ইয়েমেনের সংকটও মুসলিমদের ঐক্যহীনতার কারণে দীর্ঘস্থায়ী হয়েছে। ভারতে মুসলিমদের রাজনৈতিক বিভক্তি তাদের অধিকার ও নিরাপত্তাকে আরও ঝুঁকির মুখে ফেলেছে।

তাই, মুসলিমদের জন্য ঐক্য একমাত্র সমাধান, যা তাদের সামাজিক, অর্থনৈতিক, ও রাজনৈতিক উন্নতির পথ সুগম করতে পারে। ঐক্য থাকলে মুসলিমরা নিজেদের অধিকার রক্ষা করতে পারবে এবং বহুমুখী চ্যালেঞ্জ মোকাবিলা করতে সক্ষম হবে।

 

Author

  • Samiul Islam is an Islamic scholar and writer from Murshidabad. A graduate of Al Jamia Al Islamia, he completed his ʿĀlimiyyat and B.A. in Islamic Studies and authored a research paper on Shaykh Al-Albani’s Hadith methodology. His writings reflect Islamic ethics, contemporary issues, and a clear, thoughtful perspective.

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *