সদকায়ে জারিয়া: অতীত থেকে ভবিষ্যতের দিকে

সদকায়ে জারিয়া: অতীত থেকে ভবিষ্যতের দিকে

লেখক: সামিউল ইসলাম

ভূমিকা

সমস্ত প্রশংসা ও কৃতজ্ঞতা একমাত্র আল্লাহ তাআলার জন্য, দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মহান দূত, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি,

ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা, যেখানে প্রতিটি কর্মেরই একটি আত্মিক ও পারলৌকিক মূল্য রয়েছে। মানুষের জীবনে এমন কিছু আমল রয়েছে, যা মৃত্যুর পরও সাওয়াবের ধারাকে অব্যাহত রাখে। এসব আমলের মধ্যে সর্বাধিক গুরুত্বপূর্ণ একটি হলো সদকায়ে জারিয়া, অর্থাৎ সদকায়ে জারিয়া হলো এমন একটি দান যার সওয়াব বা পুরস্কার একজন মানুষ জীবিত থাকা অবস্থায়ও পেতে পারে, আবার মৃত্যুর পরও তা চলতে থাকে। সাধারণ সদকার (দান) মতো নয়, যা একবার দিলে সওয়াবও একবার হয় বরং সদকায়ে জারিয়া এমন একটি দান যার সওয়াব আল্লাহ তাআলা বারবার দেন। এই ধরনের দান দীর্ঘমেয়াদি হয় এবং এর উপকার সমাজে অনেক দিন ধরে চলতে থাকে। । হাদীসে এসেছে,

عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ ‏ “‏ إِذَا مَاتَ الإِنْسَانُ انْقَطَعَ عَنْهُ عَمَلُهُ إِلاَّ مِنْ ثَلاَثَةٍ إِلاَّ مِنْ صَدَقَةٍ جَارِيَةٍ أَوْ عِلْمٍ يُنْتَفَعُ بِهِ أَوْ وَلَدٍ صَالِحٍ يَدْعُو لَهُ ‏”

আবূ হুরাইরাহ (রাযিঃ) হতে বর্ণিত যে, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যখন মানুষ মৃত্যুবরণ করে তখন তার সমস্ত আমল বন্ধ হয়ে যায় তিন প্রকার আমল ছাড়া। ১. সাদাকা জারিয়াহ্  ২. এমন ইলম যার দ্বারা উপকার হয় অথবা ৩. পুণ্যবান সন্তান যে তার জন্যে দু’আ করতে থাকে।

(ইসলামিক ফাউন্ডেশন ৪০৭৭, ইসলামিক সেন্টার ৪০৭৬) (সহীহ মুসলিম, হাদীস: ১৬৩১)

এই হাদীস থেকেই স্পষ্ট বোঝা যায় যে সদকায়ে জারিয়া এটা কেবল একটিমাত্র দান নয় , বরং এমন সব কার্যক্রমকেও অন্তর্ভুক্ত করে, যেগুলো মানুষের উপকারে আসে এবং যেগুলোর প্রভাব দীর্ঘস্থায়ী হয়। বর্তমান আধুনিক যুগে সদকায়ে জারিয়ার ধারণা আরও বিস্তৃত হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ, চিকিৎসাকেন্দ্র, টেকসই উন্নয়নমূলক প্রকল্প, ডিজিটাল ইসলামী শিক্ষা উপকরণ তৈরি এসবই সদকায়ে জারিয়ার আধুনিক রূপ। অতীতের মতোই আজও এই আমল মানুষকে আত্মিক উন্নয়ন ও সামাজিক কল্যাণের পথে পরিচালিত করছে। এই প্রবন্ধে আমি সহজভাবে বুঝিয়ে বলার চেষ্টা করবো, অতীতে সদকায়ে জারিয়া কীভাবে সমাজ গঠনে সাহায্য করেছে এবং আজকের যুগে কীভাবে এটি নতুনভাবে মানুষের উপকারে আসতে পারে।

ইসলামের সূচনালগ্ন থেকেই সদকায়ে জারিয়া একটি গুরুত্বপূর্ণ দানরূপে বিবেচিত হয়েছে। নবী করিম ﷺ এর হাদীসে এটি স্পষ্টভাবে উল্লেখ আছে যে, একজন মানুষের মৃত্যুর পর তিনটি জিনিসের সওয়াব চলতে থাকে, তার মধ্যে একটি হলো সদকায়ে জারিয়া। এই ধারণার ভিত্তিতে সাহাবীগণ ও প্রাথমিক যুগের মুসলিম সমাজ দানের একটি স্থায়ী রূপ গড়ে তোলে।

অতীতে সদকায়ে জারিয়া সাধারণত সমাজকল্যাণমূলক কাঠামোর মাধ্যমে কার্যকর হতো। মসজিদ নির্মাণ ছিল এর অন্যতম শ্রেষ্ঠ উদাহরণ। মসজিদ শুধু নামাযের জায়গা ছিল না এটি ছিল শিক্ষা, ন্যায়বিচার ও সামাজিক যোগাযোগের কেন্দ্র। মানুষ কূপ খনন করত যাতে যাত্রী ও স্থানীয় জনগণ দীর্ঘদিন পানি পেতে পারে। রাস্তা মেরামত, গাছ লাগানো, পথচারীদের জন্য ছায়ার ব্যবস্থা, খানা, মাদ্রাসা, লাইব্রেরি সবই ছিল সদকায়ে জারিয়ার প্রচলিত রূপ।

ওয়াকফ প্রথাও সদকায়ে জারিয়ার একটি সুগঠিত এবং প্রাতিষ্ঠানিক রূপ ছিল। মানুষ তাদের জমি, দোকান বা সম্পদ আল্লাহর রাস্তায় উৎসর্গ করে দিতেন যেন তা থেকে গরিব ও দুঃখী, শিক্ষার্থী ও মসজিদের কাজে ব্যয় হয়। এই প্রথা এতটাই বিস্তৃত ছিল যে তা ইসলামী সভ্যতার বিকাশে এক শক্তিশালী ভূমিকা রেখেছে। এইভাবে সদকায়ে জারিয়া অতীতে শুধু একজন ব্যক্তির ইবাদতের অংশ ছিল না, বরং একটি সামগ্রিক সামাজিক দায়িত্ব এবং দীর্ঘমেয়াদি মানবকল্যাণের রূপে প্রতিষ্ঠিত হয়েছিল। এর ফলস্বরূপ,  মুসলিম সমাজের মধ্যে সহানুভূতি, সহযোগিতা ও ন্যায়বোধের সংস্কৃতি গড়ে উঠেছিল।

আধুনিক যুগে সদকায়ে জারিয়ার উদাহরণ:

ইসলামে শুধু দান করা অর্থ, জমি বা বস্তুই সদকায়ে জারিয়া নয়, বরং এমন প্রতিটি কাজই সদকায়ে জারিয়ার অন্তর্ভুক্ত হয়, যা মানুষকে সঠিক পথ দেখায় এবং যার উপকার সমাজে বারবার ফিরে আসে। এই দৃষ্টিকোণ থেকে যদি আমরা ইসলামী ইতিহাসের দিকে তাকাই, তাহলে দেখতে পাব অনেক মহান আলেম, গবেষক ও চিন্তাবিদ তাঁদের কলম ও চিন্তার মাধ্যমে যে কাজ করে গেছেন, তা আজও কোটি কোটি মানুষকে উপকার দিচ্ছে। এভাবে তাঁরা তাদের জ্ঞান ও সাধনার মাধ্যমে চিরস্থায়ী সদকায়ে জারিয়া গড়ে গেছেন।

ইমাম বুখারী (রহ.) এর কথাই ধরা যাক। তিনি তাঁর জীবন উৎসর্গ করেছিলেন সহীহ হাদীস সংগ্রহ ও সংরক্ষণের কাজে। তাঁর সুবিখ্যাত গ্রন্থ “সহীহুল বুখারী” শুধু একটি বই নয় বরং এটি ইসলামের অন্যতম মূল ভিত্তি। আজও বিশ্বের লক্ষ লক্ষ মানুষ এই গ্রন্থ থেকে হাদীস শিখছে, ইসলামের সঠিক পথ জানতে পারছে, এবং নিজেদের জীবন গঠন করছে। প্রতিটি পাঠ, প্রতিটি শিক্ষা  ইমাম বুখারীকে সদকায়ে জারিয়ার সওয়াব এনে দিচ্ছে।

একইভাবে, আধুনিক যুগে মাওলানা সাইয়্যিদ আবুল আ’লা মওদূদী (রহ.) এর অবদানও অসাধারণ। তিনি শুধু ইসলামি চিন্তার ভিত্তিতে একটি সংগঠন গড়ে তোলেননি, বরং বহু গবেষণালব্ধ বই রচনা করেছেন, যার মাধ্যমে অসংখ্য মানুষ আজও ইসলামী চিন্তাধারায় প্রভাবিত হচ্ছে এবং নিজের জীবন সঠিক পথে পরিচালিত করতে পারছে। বিশেষ করে “তাফহীমুল কুরআন” বহু মানুষকে আলোর পথ দেখাচ্ছে।

তদ্রূপ, আধুনিক যুগের অন্যতম আলোকিত ইসলামি চিন্তাবিদ ড. ইউসুফ আল কারযাভী (রহ.) এর কথাও স্মরণীয়। তিনি তাঁর লিখিত বই, বক্তৃতা ও গবেষণার মাধ্যমে মুসলিম উম্মাহর চিন্তা ও নৈতিকতায় একটি গভীর প্রভাব রেখেছেন। তাঁর লেখনি ইসলামি ফিকহ, দাওয়াহ, ও সমসাময়িক সমস্যার সমাধানে পথনির্দেশ করেছে। আজও তাঁর বইগুলো পাঠ করে বহু মানুষ ইসলামি শিক্ষা ও দৃষ্টিভঙ্গিতে পরিবর্তিত হচ্ছে, যেটি একটি স্পষ্ট সদকায়ে জারিয়ার নমুনা।

এছাড়াও যুগে যুগে অনেক আলেম, উলামা ও গবেষক তাঁদের কলম, বক্তৃতা ও চিন্তাশীল কাজের মাধ্যমে মানুষের হৃদয়ে আলো জ্বালিয়ে গেছেন। তাঁরা জানতেন, একটি সদুপদেশ, একটি হেদায়তের লেখা বা একটি শিক্ষামূলক বক্তব্য শুধু এক মুহূর্তের জন্য নয় বরং তা মানুষের চিন্তা ও পথ চলায় স্থায়ী প্রভাব ফেলতে পারে। ঠিক এই প্রভাবই তাঁদের আমলনামায় সদকায়ে জারিয়া হিসেবে রয়ে যায়।

অতএব, বই লেখা, গবেষণা, ভাষণ, অনুবাদ বা যে কোনো জ্ঞানমূলক কার্যক্রম যদি তা খাঁটি নিয়তে মানুষের কল্যাণে নিবেদিত হয় তবে তা শুধুমাত্র দুনিয়ার উপকারই নয়, বরং আখিরাতের জন্যও একটি চিরস্থায়ী সম্পদে পরিণত হয়।

কুরআন ও হাদীসে বহুবার মানুষকে চিন্তা করতে, শিখতে ও জ্ঞান চর্চার প্রতি উদ্বুদ্ধ করা হয়েছে। এই দৃষ্টিকোণ থেকে শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা বা সেখানে আর্থিক সহায়তা করাও একটি গুরুত্বপূর্ণ সদকায়ে জারিয়া। যখন কেউ একটি মাদ্রাসা, স্কুল, কলেজ বা ইসলামিক শিক্ষা কেন্দ্র প্রতিষ্ঠা করেন যেখানে মানুষ কুরআন ও হাদীসের জ্ঞান লাভ করে, তখন সেই প্রতিষ্ঠান শুধু দান নয়, বরং একটি চলমান কল্যাণের উৎস হয়ে দাঁড়ায়। যতদিন সেই প্রতিষ্ঠান চলবে, আর যত মানুষ সেখান থেকে উপকার পাবে, ততদিন সেই দাতার আমলনামায় সওয়াব লিখিতবদ্ধ হতে থাকে।  কেউ যদি শিক্ষার্থীদের জন্য বই, কলম, টেবিল,চেয়ার, লাইব্রেরি গড়ে তোলা কিংবা আর্থিক সহায়তা প্রদান করেন তবুও তা সদকায়ে জারিয়ার অন্তর্ভুক্ত হয়। এমনকি একজন শিক্ষক, যিনি বিনা পারিশ্রমিকে আন্তরিকতার সঙ্গে কাউকে শিক্ষা দেন, তিনি এই নিয়তে শেখান যে এটি তার আমলনামায় সদকায়ে জারিয়ার অন্তর্ভুক্ত হবে। কারণ, তার শিখানো জ্ঞান যখন অন্য কাউকে উপকারে নিয়ে যায়, সেই উপকার থেকে সওয়াবের ধারাবাহিকতা তৈরি হয়। বিশেষভাবে উল্লেখযোগ্য, যদি কোনো শিক্ষা প্রতিষ্ঠান কেবল ধর্মীয় শিক্ষা নয়, বরং ইসলামি গবেষণা, বিজ্ঞান, ভূগোল, বা সমাজকল্যাণমূলক শিক্ষাও প্রদান করে, তাহলে তার উপকারিতা আরও ব্যাপক হয়। এই জ্ঞান শুধু ব্যক্তিগত নয়, বরং সমাজ গঠনে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলে। ফলে, যারা এই ধরনের শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন, দান করেন বা শিক্ষকতা করেন, তারা শুধু একজন শিক্ষার্থীর ভবিষ্যৎ গড়ে তুলেন না, বরং গোটা সমাজের উন্নয়নে অংশ নেন এবং একটি বৃহৎ সদকায়ে জারিয়ার ধারায় শরিক হয়ে যান।

আজকের আধুনিক যুগে সদকায়ে জারিয়া করার উপায় অনেক বেশি হয়ে গেছে। আগে যেখানে কেবল মসজিদ বানানো, কূপ খনন বা রাস্তা তৈরি করাকেই চলমান দান বলা হতো, এখন প্রযুক্তির সাহায্যে নতুন নতুন পথ তৈরি হয়েছে। যেমন, কেউ যদি একটি অনলাইন ইসলামিক শিক্ষার ওয়েবসাইট তৈরি করে, যেখানে মানুষ কুরআন, হাদীস, নামাজ শেখে তাহলে তা সদকায়ে জারিয়া হয়ে যায়। কারণ মানুষ যতদিন সেই শিক্ষা পাবে, ততদিন দানকারী ব্যক্তি সওয়াব পেতে থাকবে। তেমনি, ইসলামিক বিষয় নিয়ে ফ্রি মোবাইল অ্যাপ তৈরি করা বা ইউটিউব চ্যানেল চালু করা, এই মাধ্যমগুলো থেকে মানুষ যখনই দ্বীনি উপকার পায়, তখনই সেই কাজের সওয়াব দানকারীর আমলনামায় লেখা হয়। আরেকটি সুন্দর উদাহরণ হলো চোখে না দেখা মানুষদের জন্য কুরআনের ব্রেইল (Braille হলো দৃষ্টিহীন (অন্ধ) মানুষের জন্য তৈরি একটি বিশেষ ধরনের লেখার পদ্ধতি, যা স্পর্শের মাধ্যমে পড়া যায়)  সংস্করণ তৈরি করা। এই কাজের মাধ্যমে অনেক অন্ধ ব্যক্তি কুরআন পড়তে সক্ষম হয়,  তাছাড়া, গরিব ও মেধাবী ছাত্রদের জন্য শিক্ষা সহায়তা স্কলারশিপ ফান্ড চালু করাও একটি চলমান দান। একজন শিক্ষার্থী শিক্ষিত হয়ে সমাজে কাজ করলে, সেই উপকারে যারা আসবে, তাদের মাধ্যমেও দানকারী সওয়াব পাবে।

ডিজিটাল প্ল্যাটফর্ম ও সামাজিক উদ্যোগের মাধ্যমেও এই কল্যাণকর আমল করা যায়। যেমন, কেউ যদি ইসলামিক বই বা হাদীসের ব্যাখ্যার মতো উপকারী কনটেন্ট PDF আকারে তৈরি করে তা অনলাইনে ফ্রি ছড়িয়ে দেন, তাহলে তা থেকে বহু মানুষ উপকৃত হতে পারে। যতদিন মানুষ সেই লেখা পড়ে উপকার পাবে, ততদিন সেই লেখকের জন্য সওয়াব চলতে থাকবে। একইভাবে, একটি নির্ভরযোগ্য ইসলামিক ওয়েবসাইট তৈরি করে সেখানে কুরআন তাফসির, হাদীস, ইসলামী প্রশ্নোত্তর, ফতোয়া ইত্যাদি তুলে ধরাও সদকায়ে জারিয়ার অন্তর্ভুক্ত। ডিজিটাল দুনিয়ার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো সামাজিক যোগাযোগমাধ্যম, যেমন: ফেসবুক, ইউটিউব বা টেলিগ্রাম। এগুলোর মাধ্যমে দ্বীনি শিক্ষা, নসিহত, ছোট ভিডিও কিংবা ইসলামিক পোস্ট শেয়ার করলে তা বহু মানুষের উপকারে আসে, এবং এর সওয়াবও দীর্ঘস্থায়ী হয়। তবে শুধু অনলাইন কনটেন্ট নয়, সমাজে সচেতনতা তৈরি করাও একটি সদকায়ে জারিয়া হতে পারে। কেউ যদি নৈতিকতা, স্বাস্থ্য ও শিক্ষাবিষয়ক সচেতনতা ছড়িয়ে দেন,  চিত্র, পোস্টার, মাধ্যমে, তবে সেটিও একটি দানের কাজ হিসেবে বিবেচিত হবে। অনেক সময় মানুষ দানের সামর্থ্য না থাকলেও জ্ঞান ও সচেতনতার মাধ্যমে সমাজে আলোর পথ দেখাতে পারে, এবং তা দুনিয়া ও আখিরাতে তার উপকারে আসে। এছাড়াও, ইসলামি শিক্ষাকে বিভিন্ন ভাষায় অনুবাদ করে ছড়িয়ে দেওয়াও খুব গুরুত্বপূর্ণ একটি কাজ। বাংলা, ইংরেজি, হিন্দি, উর্দুসহ নানা ভাষায় কুরআন, হাদীস বা ইসলামি আদর্শ অনুবাদ করে বই, ভিডিও বা অনলাইন পোস্টের মাধ্যমে প্রচার করলে অনেক মানুষ ইসলামের সঠিক জ্ঞান পায়। একজন মানুষের হেদায়াত যদি এই অনুবাদের মাধ্যমে হয়, তাহলে অনুবাদক ও প্রচারকারীর জন্য আল্লাহর পক্ষ থেকে বড় পুরস্কার নির্ধারিত থাকে।

সব মিলিয়ে বলা যায়, ডিজিটাল মাধ্যম এবং সামাজিক সচেতনতার ক্ষেত্রেও সদকায়ে জারিয়ার অনেক সুযোগ রয়েছে। একটু চিন্তা থাকলেই, এই যুগেও আমরা এমন কিছু করতে পারি যার সওয়াব আমাদের মৃত্যুর পরও অব্যাহত থাকবে।

আধুনিক বিশ্বে “টেকসই উন্নয়ন” একটি গুরুত্বপূর্ণ ধারণা হয়ে উঠেছে, যা পরিবেশ, সমাজ ও অর্থনীতির মধ্যে ভারসাম্য রক্ষা করে দীর্ঘমেয়াদে মানবকল্যাণ নিশ্চিত করে। এটি এমন এক উন্নয়ন দর্শন, যা বর্তমান প্রজন্মের প্রয়োজন পূরণের পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের অধিকার রক্ষার প্রতিশ্রুতি দেয়। আশ্চর্যের বিষয় হলো, ইসলাম বহু পূর্বেই এই ন্যায্য ও মানবিক উন্নয়নের রূপরেখা হাজির করেছে সদকায়ে জারিয়ার মাধ্যমে।আজকের দিনে পরিবেশ সুরক্ষা ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ এ ধরনের সদকার বাস্তব রূপ হতে পারে। যেমন: বিশুদ্ধ পানীয় জল সরবরাহ, টিউবওয়েল বা পানি ফিল্টার স্থাপন, কিংবা জলাধার নির্মাণের মাধ্যমে মানুষকে পানির ব্যবস্থা করে দেওয়া। বিশেষ করে বিশুদ্ধ পানির অভাবগ্রস্ত অঞ্চল যেমন পাহাড়ি এলাকা, মরু অঞ্চল বা খরা পীড়িত জায়গায় টিউবওয়েল, কূপ বা ফিল্টার স্থাপন করা নিঃসন্দেহে একটি চিরস্থায়ী সদকা। তদ্রূপ, গাছ রোপণও একটি মহান সদকায়ে জারিয়া, যা মানুষ ও প্রাণিকুলের উপকারে আসে দীর্ঘকাল ধরে ছায়া দেয়, অক্সিজেন সরবরাহ করে, এবং ফল দেয়। প্রতিদিন শত শত মানুষ এই সুবিধা গ্রহণ করে, আর সেই প্রতিটি উপকার দাতার আমলনামায় সওয়াব হয়ে যুক্ত হয়।

বর্তমান প্রযুক্তিনির্ভর বিশ্বে এমন অনেক উপায় রয়েছে, যেগুলো সদকার কার্যক্রমকে আরও টেকসই করে তুলছে। যেমন, সোলার প্যানেল বসানো, বৃষ্টির পানি সংরক্ষণের ব্যবস্থা করা এগুলো শুধু পরিবেশবান্ধব নয়, বরং দীর্ঘমেয়াদি কল্যাণমূলক উদ্যোগ। এসব উদ্যোগে টাকা ছাড়া জ্ঞান, প্রযুক্তি এবং ব্যবস্থাপনাও সদকার অংশ হয়ে দাঁড়ায়। এ ধরনের টেকসই দানের অন্যতম মডেল হলো আধুনিক ওয়াকফ ব্যবস্থা। ঐতিহাসিকভাবে ওয়াকফ মুসলিম সমাজে শিক্ষা, স্বাস্থ্য, ধর্মীয় প্রতিষ্ঠানসহ বিভিন্ন খাতে অব্যাহত সেবা দিয়ে এসেছে। আজকের দিনে এই ব্যবস্থা আরও আধুনিক রূপে সংগঠিত হচ্ছে। এখন ওয়াকফ শুধু জমি বা মসজিদে সীমাবদ্ধ নয়, বরং এর আওতায় রয়েছে সুদমুক্ত বিনিয়োগ, হাসপাতাল, ব্যবসা প্রতিষ্ঠান ও বিভিন্ন সমাজকল্যাণমূলক প্রকল্প, যেগুলোর আয়ে গরিব, অসহায় ও প্রান্তিক মানুষ উপকৃত হচ্ছে। ওয়াকফের একটি বড় বৈশিষ্ট্য হলো একবারের দান দীর্ঘকাল ধরে সমাজে উপকার বয়ে আনে, পুনরায় বারবার দানের প্রয়োজন পড়ে না। এটি সদকায়ে জারিয়ার টেকসই ও বাস্তব উদাহরণ।

মানবিকতা ও দায়িত্ববোধের মাধ্যমেও দান প্রকাশ পায়। যেমন: গরিব মানুষের জন্য ঘর তৈরি করে দেওয়া, চিকিৎসা সুবিধা নিশ্চিত করা, ওষুধ বিতরণ, কিংবা স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির জন্য ক্যাম্পেইন পরিচালনা করা এই সবকিছুই সদকায়ে জারিয়ার অন্তর্ভুক্ত হতে পারে। এই উদ্যোগগুলো শুধু উপকার নয়, বরং সম্মানজনক জীবনধারার সুযোগ এনে দেয় অসহায়দের জন্য। এইসব সদকা শুধু ব্যক্তিগত পুণ্য নয়, বরং একটি সহানুভূতিশীল, ন্যায়নিষ্ঠ ও আত্মনির্ভর সমাজ গঠনের ভিত স্থাপন করে। এসব দান ইসলামের মানবিক মূল্যবোধ, ন্যায়ের শিক্ষা ও দয়ার বাস্তব উদাহরণ হয়ে সমাজকে উন্নত জাতিতে রূপান্তর করে।

সারাংশ

সদকায়ে জারিয়া এমন এক মহৎ দান, যার সওয়াব একজন মুমিন মৃত্যুর পরেও লাভ করে। এটি দুনিয়াতে রেখে যাওয়া একটি আলোকিত আমল, যা কবরেও শান্তির সুবাতাস বইয়ে দেয়। তবে এই সদকায়ে জারিয়ার সওয়াব যেন সত্যিকার অর্থে মৃত্যুর পরও অব্যাহত থাকে, সেজন্য জীবিত অবস্থায় কিছু সচেতন পদক্ষেপ নেওয়া অত্যন্ত জরুরিএকজন মানুষ চাইলে নিজের জীবদ্দশায় কিছু নির্দিষ্ট সম্পদ স্থায়ীভাবে আল্লাহর রাস্তায় দান করে যেতে পারেন। ইসলামি পরিভাষায় একে “ওয়াকফ” বলা হয়। যেমন কেউ চাইলে জমি, দোকান, ব্যাংকের অংশ, গাড়ি বা অন্যান্য সম্পদ মসজিদ, মাদ্রাসা, হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান কিংবা জনকল্যাণমূলক কর্মকাণ্ডের জন্য লিখে যেতে পারেন। যদি এই দান দলিল আকারে সঠিকভাবে প্রস্তুত করে রেখে যাওয়া যায়, তবে ব্যক্তি মৃত্যুর পরও সেই সম্পদ থেকে সমাজ উপকৃত হতে পারে এবং সওয়াবের স্রোত বন্ধ হয় না। এমনকি একজন গরিব মানুষ যদি তার অল্প কিছু সম্পদ থেকে সামান্য কিছু অংশও এভাবে স্থায়ীভাবে দান করে, তাও সদকায়ে জারিয়ার অন্তর্ভুক্ত হতে পারে। তবে শুধু দান করে যাওয়াই যথেষ্ট নয়, বরং নিজের সন্তান ও পরিবারের সদস্যদের মধ্যে সদকায়ে জারিয়ার গুরুত্ব ও চেতনা গড়ে তোলাও একটি বড় দায়িত্ব। কারণ মৃত্যুর পর দানকৃত সম্পদ বা পরিকল্পনাগুলো যাতে সঠিকভাবে পরিচালিত হয়, তা নির্ভর করে উত্তরসূরিদের মনোভাব ও জ্ঞানের ওপর। যদি সন্তানরা দ্বীনি শিক্ষায় শিক্ষিত হয় এবং সদকায়ে জারিয়ার গুরুত্ব জানে, তাহলে তারা নিজ উদ্যোগে এমন অনেক কাজ অব্যাহত রাখতে পারে যেমন: কুরআন শিক্ষার হালকা ক্লাস চালু রাখা, গরিবদের মাঝে বই বিতরণ, অনলাইনে ইসলামিক কনটেন্ট প্রচার ইত্যাদি। সদকায়ে জারিয়া শুধু বস্তুগত জিনিসে সীমাবদ্ধ নয়। কেউ যদি জীবদ্দশায় দ্বীনি জ্ঞান ছড়িয়ে দেন, কুরআন-হাদীস শিক্ষা দেন, ইসলামি ভিডিও বা বই তৈরি করে রেখে যান তবে সেগুলোর মাধ্যমে যতদিন মানুষ উপকার পাবে, ততদিনই তার আমল চলতে থাকবে।

সুতরাং, একজন সচেতন মুমিন হিসেবে আমাদের উচিত জীবনের সময় থেকেই সদকায়ে জারিয়ার জন্য কিছু পরিকল্পনা করা, পরিবারের মাঝে এই চেতনা গড়ে তোলা এবং সম্পদ ব্যবস্থাপনায় পরকালীন কল্যাণের দৃষ্টিভঙ্গি তৈরি করা। এই দুনিয়া ছেড়ে চলে যাওয়ার পরও যেন আমরা আলো হয়ে থাকতে পারি আমাদের রেখে যাওয়া দানের মাধ্যমে।

Author

  • Samiul Islam is an Islamic scholar and writer from Murshidabad. A graduate of Al Jamia Al Islamia, he completed his ʿĀlimiyyat and B.A. in Islamic Studies and authored a research paper on Shaykh Al-Albani’s Hadith methodology. His writings reflect Islamic ethics, contemporary issues, and a clear, thoughtful perspective.

1 Comment

  1. Md Mostak Ahmed

    Nice খুব সুন্দর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *