স্বাধীনতার সাথী থেকে সংখ্যালঘু বাস্তবতায়: ভারতীয় মুসলমানদের যাত্রা

স্বাধীনতার সাথী থেকে সংখ্যালঘু বাস্তবতায়: ভারতীয় মুসলমানদের যাত্রা

ভূমিকা
ভারতের স্বাধীনতা সংগ্রাম ছিল এমন একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, যেখানে দেশের সব ধর্ম, জাতি ও শ্রেণির মানুষ একত্র হয়ে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সংগ্রাম করেছিলেন। এই আন্দোলন শুধু রাজনৈতিক স্বাধীনতার জন্যই ছিল না, বরং এটি ছিল আত্মমর্যাদা, সাংস্কৃতিক পরিচয় এবং দেশের সম্পদের উপর অধিকার প্রতিষ্ঠার এক দীর্ঘ লড়াই। প্রায় ২০০ বছরের ব্রিটিশ শাসন শেষে ভারত ১৯৪৭ সালের ১৫ আগস্ট স্বাধীনতা লাভ করে। এই দীর্ঘ আন্দোলনে ভারতীয় মুসলমানদের যাত্রা প্রথম থেকেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাঁরা কেবল অংশগ্রহণকারীই ছিলেন না, ছিলেন নেতৃত্বেও। কিন্তু দুঃখজনকভাবে ইতিহাসের পাতায় অনেক সময় তাঁদের অবদানকে গুরুত্বসহকারে তুলে ধরা হয় না।


১৮৫৭ সালের মহাবিদ্রোহ ভারতের ইতিহাসে প্রথম বড় স্বাধীনতা সংগ্রাম। এই বিদ্রোহে মুসলমান সেনা, জমিদার ও ওলামাদের বিশেষ ভূমিকা ছিল। দিল্লি, লক্ষ্ণৌ, কানপুর ও ঝাঁসিতে মুসলিমরা ইংরেজদের বিরুদ্ধে প্রবল প্রতিরোধ গড়ে তোলেন। এই সময় টিপু সুলতান স্মরণযোগ্য, যিনি অনেক আগেই ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করে শহিদ হন। তেমনি সাইয়্যেদ আহমদ ব্রেলভী ও উপমহাদেশের উত্তর পশ্চিমাঞ্চলে ব্রিটিশ আধিপত্যের বিরুদ্ধে সংগ্রাম করেছিলেন। পরবর্তী সময়ে মাওলানা আবুল কালাম আজাদ ভারতের গুরুত্বপূর্ণ নেতা হিসেবে প্রতিনিধিত্ব করেন। তিনি ভারতের প্রথম শিক্ষামন্ত্রী হন এবং India Wins Freedom বইতে তাঁর রাজনৈতিক অভিজ্ঞতা তুলে ধরেন। মাওলানা শওকত আলীমাওলানা মোহাম্মদ আলী খিলাফত আন্দোলনের মাধ্যমে ইংরেজদের বিরুদ্ধে মুসলিম সমাজকে ঐক্যবদ্ধ করেন। এই আন্দোলন শুধু ধর্মীয় আন্দোলন নয়, বরং এটি স্বাধীনতার বড় একটি অংশ হয়ে ওঠে। দেওবন্দ মাদ্রাসা এবং জামিয়ত উলেমা হিন্দ এর ওলামারা যেমন মুফতি কিফায়াতুল্লাহমাওলানা হুসাইন আহমদ মাদানী মুসলমানদের জাতীয় আন্দোলনের সঙ্গে যুক্ত করেন। মাদানী সাহেবের বই Composite Nationalism and Islam এ প্রমাণ করেন যে ইসলাম ও ভারতীয় জাতীয়তাবাদ একে অপরের বিরোধী নয়। লেখক রফিক জাকারিয়া তাঁর বিখ্যাত বই Indian Muslims: Where Have They Gone Wrong? এ দেখিয়েছেন, কীভাবে স্বাধীনতার পরে মুসলমানদের অবদান ভুলে যাওয়া হয়েছে এবং তারা ধীরে ধীরে এক প্রান্তিক অবস্থানে চলে গেছে।


স্বাধীনতার পর ভারতীয় মুসলমানদের বাস্তবতা


১৯৪৭ সালে ভারত ভাগের সময় মুসলমানদের ওপর নেমে আসে এক গভীর মানসিক ও সামাজিক সংকট। পাকিস্তান আলাদা দেশ হওয়ার পর ভারতের মুসলমানদের মধ্যে শুরু হয় দ্বিধা ও আতঙ্ক তারা কি পাকিস্তানে চলে যাবে, না কি ভারতের মধ্যেই থেকে যাবে? আজও অনেক সময় মুসলমানদের দেশপ্রেম


প্রমাণ করতে হয়, যেন তারা এই দেশের প্রতি কম নিষ্ঠাবান। সমাজের একটি বড় অংশ এখনও সন্দেহের দৃষ্টিতে দেখে, অথচ ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসেই মুসলমানদের ত্যাগ, নেতৃত্ব ও দেশপ্রেমের অগণিত উদাহরণ রয়েছে, যা প্রমাণ করে, এ দেশের প্রতি ভালোবাসায় আমরা কোনোদিনই পিছিয়ে ছিলাম না।


অনিরুদ্ধ কালা (Anirudh Kala) তাঁর বই The Unsafe Asylum: Stories of Partition and Madness এ লিখেছেন:Partition was not just a political event, it left deep emotional trauma, especially among Muslims who chose to stay back in India.” এই সময় যারা ভারতে থেকে গিয়েছিলেন, তাঁদের অনেককে ‘পাকিস্তানের সমর্থক’ মনে করে সন্দেহের চোখে দেখা হতে থাকে। বহু জায়গায় দাঙ্গা, সহিংসতা ও সামাজিক বর্জনের শিকার হন তারা। সালিল মিশ্র (Salil Misra) তাঁর নিবন্ধে বলেন: “Muslims who remained in India often had to prove their loyalty again and again.” (সূত্র: Essay: Partition and the Inheritance of Loss, Hindustan Times, 2022).  মুসলিম লিগ, যেহেতু পাকিস্তান চেয়েছিল, তাই দেশভাগের পর ভারতীয় রাজনীতি থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। কিন্তু এর বিপরীতে কিছু জাতীয়তাবাদী মুসলমান, যেমন মাওলানা আবুল কালাম আজাদ মাওলানা হুসাইন আহমদ মাদানী, ভারতের পক্ষে দৃঢ় অবস্থান নেন। আজাদ তাঁর বিখ্যাত বই India Wins Freedom এ লিখেছেন: “We rejected the two nation theory not because we were Muslims, but because we were Indians.মাওলানা মাদানী তাঁর পুস্তক Composite Nationalism and Islam এ মুসলমানদের ভারতপ্রেমকে ধর্মের সঙ্গে সাংঘর্ষিক নয় বরং সামঞ্জস্যপূর্ণ বলে ব্যাখ্যা করেন। রফিক জাকারিয়া, তাঁর গবেষণামূলক গ্রন্থ Indian Muslims: Where Have They Gone Wrong? এ এই সময়ের মুসলিম মানসিক সংকট ও নেতৃত্বশূন্য অবস্থাকে বিশ্লেষণ করে বলেন:“Partition left Indian Muslims politically orphaned and emotionally isolated.”


১৫ আগস্ট ২০২৫-এ ভারত তার ৭৮তম স্বাধীনতা দিবস উদ্‌যাপন করছে। এই সাত দশকের বেশি সময় জুড়ে ভারত নানা চ্যালেঞ্জ, ত্যাগ ও সাফল্যের মধ্য দিয়ে এগিয়ে চলেছে। ধর্মনিরপেক্ষতা ও সামাজিক ঐক্য বহুবার কঠিন পরীক্ষার মুখোমুখি হয়েছে, কিন্তু আমাদের সংবিধান ও গণতান্ত্রিক মূল্যবোধ সেই সংকটেও আমাদের পথ দেখিয়েছে। বিশেষ করে মুসলমানরা এই দেশের একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে স্বাধীনতার আন্দোলনে যেমন অংশ নিয়েছিলেন, তেমনি স্বাধীন ভারতের গঠনে তাঁদের ভূমিকা এখনো গুরুত্বপূর্ণ। তাই আজকের এই দিনে, সংবিধান ও সংহতির মূল চেতনার প্রতি আমাদের ভালোবাসা ও আস্থা আরও গভীর।  ভারতের স্বাধীনতা অর্জনের পরে ১৯৫০ সালে একটি শক্তিশালী ও ধর্মনিরপেক্ষ সংবিধান প্রণয়ন করা হয়। এই সংবিধানে দেশের প্রতিটি নাগরিকের জন্য সমান অধিকার নিশ্চিত করা হয় ধর্ম, জাতি, ভাষা  বা বর্ণভেদ না করে। মুসলমানরাও এই রাষ্ট্রের সমান অধিকারভুক্ত নাগরিক হিসেবে সাংবিধানিক সুযোগ সুবিধা


পেয়েছেন। তারা ধর্ম পালনে স্বাধীন, তাদের নিজস্ব পারিবারিক আইন অনুযায়ী জীবনযাপন করতে পারেন এবং শিক্ষার, সম্পত্তির ও রাজনৈতিক অধিকারের ক্ষেত্রেও তাঁরা অন্যান্য নাগরিকের মতোই অধিকার লাভ করেন।


তবে সংবিধানিক অধিকার থাকলেও, বাস্তব জীবনে ভারতীয় মুসলমানরা সেই সুবিধাগুলোর পুরোপুরি বাস্তবায়ন খুব কম ক্ষেত্রেই পেয়েছেন। স্বাধীনতার প্রথম দশকেই এই বৈষম্যের চিত্র স্পষ্ট হয়ে ওঠে। দেশভাগের পর যে মানসিক দুঃশ্চিন্তা, নিরাপত্তাহীনতা ও অবিশ্বাস মুসলমানদের ঘিরে রেখেছিল, তা বহু দশক ধরে সমাজে তাদের গ্রহণযোগ্যতাকে ব্যাহত করেছে। সংবিধানে মুসলমানদের ধর্মীয় স্বাধীনতা ও ব্যক্তিগত আইন মানার সুযোগ থাকলেও বাস্তবে বহু মুসলিম নাগরিক প্রতিদিন বৈষম্যের মুখোমুখি হন। চাকরি, শিক্ষাপ্রতিষ্ঠানে প্রবেশ, বাসা ভাড়া নেওয়া বা ব্যবসার ক্ষেত্রেও মুসলমানদের প্রতি সন্দেহ বা অবিশ্বাসের আচরণ চোখে পড়ে। অনেক সময় নাম শুনেই চাকরির ইন্টারভিউ থেকে বাদ দেওয়া হয় বা সংখ্যালঘু পরিচয় তাঁদের সুযোগ থেকে বঞ্চিত করে। শুধু সামাজিক পর্যায়েই নয়, সরকারি প্রতিষ্ঠান ও রাজনীতির ময়দানেও মুসলমানদের প্রতিনিধিত্ব ছিল অত্যন্ত সীমিত। স্বাধীনতার পরে প্রাথমিক দশকে অল্প সংখ্যক কয়েকজন মুসলিম নেতা বাদ দিলে, বেশিরভাগ ক্ষেত্রে তারা প্রশাসনিক বা নীতিনির্ধারণী স্তরে সুযোগ পাননি। এই অনুপস্থিতি মুসলমান সমাজকে ধীরে ধীরে সামাজিকভাবে পিছিয়ে দিতে থাকে।


২০০৬ সালে প্রকাশিত সাচার কমিটি রিপোর্টে দেখা যায়, ভারতীয় মুসলমানরা শিক্ষা, চাকরি, অর্থনীতি ও সামাজিক নিরাপত্তার দিক থেকে জাতীয় গড়ের তুলনায় অনেক পিছিয়ে। শিক্ষার হার কম, উচ্চশিক্ষায় অংশগ্রহণও সীমিত। সরকারি ও বেসরকারি চাকরিতে তাদের সুযোগ কম, ফলে বেশিরভাগ মুসলমান অস্থায়ী কাজ, দিনমজুরি বা ছোট ব্যবসার সঙ্গে যুক্ত। আর্থিক দিক থেকেও তারা পিছিয়ে সরকারি আর্থিক সহায়তাও সীমিত। নিরাপত্তার অভাবে অনেক মুসলমান এখন এমন এলাকায় থাকেন যেখানে শুধু মুসলমানরাই বেশি সংখ্যায় থাকে। এইভাবে একসাথে থাকতে থাকতে তারা মূল সমাজ থেকে একটু আলাদা হয়ে যাচ্ছেন, যার ফলে অন্য ধর্মের মানুষের সঙ্গে মেলামেশা কমে যাচ্ছে। এই পিছিয়ে পড়ার মূল কারণ দেশভাগ পরবর্তী সময় থেকে শুরু হওয়া সন্দেহ ও অবিশ্বাস। অনেক সময় তাদের ‘বিদেশি’ বা ‘দেশদ্রোহী’ বলে উপস্থাপন করা হয়। রাজনীতি ও মিডিয়াতেও মুসলমানদের নেতিবাচকভাবে তুলে ধরা হয়। এর ফলে সমাজ যেমন তাদের দূরে সরিয়ে দিয়েছে, তেমনি মুসলমানদের অনেকেই নিজেদের গুটিয়ে নিয়েছেন, যা আরও বিচ্ছিন্নতার কারণ হয়ে দাঁড়িয়েছে। ধর্মীয় সহাবস্থান ও পারস্পরিক সম্মান বজায় রেখে এবং সংবিধানকে কেন্দ্র করে মুসলমানরা যদি নিজেদের অধিকার আদায়ে এগিয়ে আসে, তবে ভবিষ্যৎে তাঁদের সামাজিক উন্নতি ও অংশগ্রহণ নিশ্চিত করা সম্ভব। ভারত তার সংবিধানে প্রতিটি নাগরিককে ধর্ম, ভাষা, জাতি নির্বিশেষে সমান অধিকার, স্বাধীনতা ও নিরাপত্তার প্রতিশ্রুতি দিয়েছে। কিন্তু বাস্তব জীবনে অনেক মুসলমান আজ সেই ন্যায্য অধিকার থেকে বঞ্চিত বোধ করেন। তারা শুধুমাত্র ধর্মীয় পরিচয়ের কারণে নানা ধরনের বৈষম্য, হেনস্তা ও সহিংসতার শিকার হচ্ছেন। এটি শুধু কিছু বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং একটি বড় সামাজিক ও রাজনৈতিক সমস্যার ইঙ্গিত বহন করে। আজকের ভারতে ইসলামোফোবিয়া বা মুসলিম বিদ্বেষ একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। কিছু রাজনৈতিক দল ও


মিডিয়ার ভাষ্য মুসলমানদের “অন্য” হিসেবে দেখায়, যাদের প্রতি ভয়, সন্দেহ ও বিদ্বেষ ছড়ানো হয়। তার বাস্তব প্রতিফলন আমরা দেখি ২০১৭ সালে, যখন ১৫ বছরের কিশোর জুনেইদ খানকে ট্রেনে “বিফখোর” বলে গালি দিয়ে ছুরি মেরে হত্যা করা হয়। আবার ২০১৯-২০ সালে CAA ও NRC এর বিরুদ্ধে শান্তিপূর্ণ প্রতিবাদে অংশ নেওয়া জামিয়া ও আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের উপর পুলিশি লাঠিচার্জ, গ্রেপ্তার এবং বিচারহীন নিপীড়ন হয়। অনেকের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করে বছরের পর বছর জেলে রাখা হয়েছে, যদিও এখনও সুনির্দিষ্ট কোনো প্রমাণ মেলেনি এটি আজকের ভারতে মুসলিম নাগরিকদের সাংবিধানিক অধিকার ক্ষুণ্ণ হওয়ার একটি জ্বলন্ত উদাহরণ। এমন নিপীড়নের আরেক প্রকাশ আমরা দেখি কর্ণাটকের উদুপি জেলার একটি সরকারি প্রি-ইউনিভার্সিটি কলেজে, যেখানে ২০২২ সালের শুরুতে মুসলিম ছাত্রীদের হিজাব পরা নিষিদ্ধ করা হয়। এর ফলে মুসলিম ছাত্রীদের স্কুলে প্রবেশে বাধা দেওয়া হয় এবং রাজ্যজুড়ে ব্যাপক ছাত্রবিক্ষোভ ছড়িয়ে পড়ে। এই সিদ্ধান্ত পরে কর্ণাটকের আরও কিছু সরকারি ও প্রাইভেট কলেজেও কার্যকর হয়, যার প্রেক্ষিতে রাজ্য সরকার তিন দিনের জন্য সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখে। এ ঘটনা শুধু শিক্ষা ব্যবস্থায় নয়, বরং পুরো সমাজে মুসলিম নারীদের ধর্মীয় স্বাধীনতার ওপর হস্তক্ষেপের বহিঃপ্রকাশ। একই ধারা দেখা যায় মহারাষ্ট্রের চেম্বুরে অবস্থিত NG আচার্য ও DK মারাথে কলেজেও, যেখানে মুসলিম ছাত্রীদের হিজাব না পরার নির্দেশ দেওয়া হয়। এমনকি আদালতও মন্তব্য করে বসে হিজাব নাকি ধর্মাচরণ নয় যা আরও বিতর্কের জন্ম দেয় এবং সংবিধানে প্রদত্ত ধর্মীয় অধিকারের ব্যাখ্যা নিয়ে প্রশ্ন তোলে। কর্ণাটকের কোলার জেলার এক প্রাইমারি স্কুলে নামাজ আদায়ের অনুমতি দেওয়াকেও রাজনৈতিক ইস্যু বানিয়ে শেষমেশ সংশ্লিষ্ট প্রধান শিক্ষককে বরখাস্ত করা হয়। যদিও ২০২৩ সালের শেষে কর্ণাটক সরকার হিজাব নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয়, কিন্তু ততদিনে এই পুরো প্রক্রিয়া দেশে ধর্মীয় অধিকার, স্বাধীনতা,শিক্ষার অধিকার এবং সংবিধানিক ন্যায়বিচার নিয়ে গভীর প্রশ্ন তৈরি করে।


এসব ঘটনা প্রমাণ করে হিজাব আজ আর কেবল এক পোশাক নয়, বরং তা একজন মুসলিম নারীর পরিচয়, ধর্মবিশ্বাস এবং সাংবিধানিক অধিকারের প্রতীক হয়ে উঠেছে। একইভাবে, মুসলিম পারিবারিক আইনেও সরকারি হস্তক্ষেপ প্রশ্নের জন্ম দেয়। যেমন, তিন তালাক নিষিদ্ধকরণ মুসলিমদের পারিবারিক আইনে রাষ্ট্রীয় হস্তক্ষেপ হিসেবে অনেকেই তা দেখেন। প্রশ্ন উঠে অন্য ধর্মের পারিবারিক আইনে তো এমন হস্তক্ষেপ করা হয় না! এছাড়া, ধর্মীয় স্থানে, মসজিদ ধ্বংসের হুমকি, বা ‘লাভ জিহাদ’ এর মতো রাজনৈতিক প্রচারণা মুসলিমদের ধর্মীয় স্বাধীনতা ও নাগরিক অধিকারকে ক্রমাগত দুর্বল করছে। এমনকি খোলা জায়গায় নামাজ আদায়ের মতো নিরীহ কর্মকাণ্ডকেও বিতর্কিত করে তোলা হচ্ছে, যা কোনোভাবেই অপরাধ নয়।


২০২০ সালের দিল্লি দাঙ্গায় এক যুবক, ফাইজান, পুলিশের হাতে এমনভাবে মারধরের শিকার হন যে তাকে জাতীয় সংগীত গাইতে বাধ্য করা হয় এবং এরপরেই তার মৃত্যু ঘটে। এসব ঘটনা প্রমাণ করে দেয়, মুসলমানরা আজও তারা প্রকৃত স্বাধীনতার স্বাদ পায়নি, পেয়েছে শুধু মাত্র একধরনের নিরাপত্তাহীনতা,


সামাজিক নিঃসঙ্গতা এবং ন্যায়বিচারের অভাবে ভুগছেন। গোরক্ষার নামে গণপিটুনি, ট্রেনে বা রাস্তায় শুধুমাত্র মুসলিম চেহারা বা পোশাক দেখে মানুষকে মারধর করা এগুলো যেন ভারতের এক নতুন বাস্তবতা হয়ে দাঁড়িয়েছে।


এই পরিস্থিতিতে স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে: এটি কি সেই স্বাধীন ভারত, যার জন্য টিপু সুলতান, মাওলানা আজাদ, মাদানী, শওকত আলী প্রমুখ মুসলিম নেতা তাঁদের জীবন উৎসর্গ করেছিলেন? যে স্বাধীনতার জন্য হাজারো মুসলমান তরুণ শহিদ হয়েছিলেন, সেই স্বাধীন দেশে আজ তাঁদের উত্তরসূরিরা কেবল তাঁদের নাম বা ধর্মের কারণে হেনস্তা বা মৃত্যু পর্যন্ত ঘটছেন এটা কি আমাদের স্বাধীনতার লক্ষ্য ছিল? ভারতের সংবিধানে বলা হয়েছে, সবাই আইনের চোখে সমান, ধর্মের ভিত্তিতে কোনো বৈষম্য করা যাবে না। ধর্মীয় স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা, নিরাপদ জীবনযাপনের অধিকার সবই সংবিধানে স্পষ্টভাবে সুরক্ষিত। কিন্তু যখন বাস্তবে একজন ছাত্র শুধু তার মত প্রকাশের কারণে রাষ্ট্রীয় দমন ও পীড়নের শিকার হন, অথবা একটি নিরীহ পরিবার শুধুমাত্র নাম দেখে গুজবে মারধরের শিকার হয়, তখন সেই সংবিধান ও স্বাধীনতার চেতনার উপর প্রশ্ন উঠে যায়।


এই কঠিন বাস্তবতার মাঝেও কিছু আশার আলো দেখা যাচ্ছে। শিক্ষার দিকে নতুন প্রজন্মের মুসলমানদের ঝোঁক বাড়ছে। মেয়েরা স্কুল ও কলেজে যাচ্ছে, পেশাগত শিক্ষায় আগ্রহ দেখাচ্ছে। অনেক এনজিও, মুসলিম সমাজসেবী সংস্থা ও নেতৃত্ব আজ শান্তিপূর্ণভাবে সংবিধানিক অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই করছে। পাশাপাশি, ধর্মীয় সহাবস্থান ও আন্তঃধর্ম সংলাপের মাধ্যমে একে অপরকে বোঝার চেষ্টাও চলছে যা ভারতের বহু সংস্কৃতির ঐতিহ্যকে আরও শক্তিশালী করে তুলছে। তবুও, যতক্ষণ না প্রত্যেক নাগরিক নিজেকে নিরাপদ ও মর্যাদাপূর্ণভাবে বাঁচার অধিকারী মনে করতে পারেন, ততক্ষণ ভারতের স্বাধীনতা অসম্পূর্ণ থেকে যাবে। মুসলমানরা কেবল ভারতের নাগরিক নন তাঁরা ভারতের ইতিহাস, সংস্কৃতি ও স্বাধীনতার অন্যতম রচয়িতা। তাই তাদের অধিকার রক্ষা মানে কেবল একটি সম্প্রদায়ের অধিকারের প্রশ্ন নয় এটি ভারতের সংবিধান, মানবতা ও গণতন্ত্রের অস্তিত্ব রক্ষার প্রশ্ন।


সারাংশ,
 এই আলোচনার মাধ্যমে স্পষ্ট হয়ে ওঠে যে, ভারতীয় মুসলমানরা শুধু স্বাধীনতা আন্দোলনের সঙ্গী ছিলেন না, তাঁরা এ দেশের ইতিহাস ও ভবিষ্যৎ নির্মাণের অন্যতম প্রধান অংশীদার। কিন্তু স্বাধীনতা অর্জনের পরবর্তী সময় থেকে আজ পর্যন্ত, তাঁদের সেই গৌরবময় ভূমিকা নানা কারণে উপেক্ষিত হয়েছে। অনেক ক্ষেত্রেই মুসলমানদের প্রতি সন্দেহ, বৈষম্য ও সামাজিক দূরত্ব তৈরি হয়েছে, যা তাঁদের জাতিগতভাবে প্রান্তিক করে তুলেছে। যদিও ভারতীয় সংবিধান সকল নাগরিকের জন্য ধর্ম, জাতি, ভাষা নির্বিশেষে সমানাধিকার ও ধর্মীয় স্বাধীনতার নিশ্চয়তা দিয়েছে, বাস্তব জীবনে মুসলমানরা আজও সেই অধিকার সম্পূর্ণভাবে ভোগ করতে পারেন না। তাঁদের বারবার প্রমাণ করতে হয় যে, তাঁরাও এই দেশের সমান দেশপ্রেমিক নাগরিক।


তবে এই প্রবন্ধে আলোচিত নানা ঘটনাবলি ও প্রেক্ষাপট আমাদের আশাবাদী করে তোলে যে নতুন প্রজন্মের শিক্ষামুখী চিন্তা, নাগরিক সচেতনতা এবং শান্তিপূর্ণ সাংবিধানিক দাবি আদায়ের মাধ্যমে একটি সুন্দর ভবিষ্যতের পথ তৈরি করা সম্ভব। মুসলমানরা ভারতের অবিচ্ছেদ্য অংশ, তাঁদের অধিকার ও মর্যাদা রক্ষা মানে ভারতের প্রকৃত গণতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ চেতনার প্রতিফলন। এই চেতনা রক্ষা করা শুধু মুসলমানদের নয়, সমগ্র জাতিরই দায়িত্ব।

Author

  • Samiul Islam is an Islamic scholar and writer from Murshidabad. A graduate of Al Jamia Al Islamia, he completed his ʿĀlimiyyat and B.A. in Islamic Studies and authored a research paper on Shaykh Al-Albani’s Hadith methodology. His writings reflect Islamic ethics, contemporary issues, and a clear, thoughtful perspective.

1 Comment

  1. Anonymous

    খুব সুন্দর হয়েছে ভাই।
    চালিয়ে যান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *